আইএসএল প্রেমীদের জন্য সুখবর! আম্বানিদের হারিয়ে সম্প্রচার স্বত্ব পেল এই সংস্থা, কোথায় দেখবেন খেলা?

অবশেষে কাটল চরম অনিশ্চয়তা। দীর্ঘ টালবাহানার পর নির্ধারিত হলো ইন্ডিয়ান সুপার লিগ (ISL) ২০২৫-২৬ মরশুমের সম্প্রচার ভাগ্য। ১৪ ফেব্রুয়ারি থেকে শুরু হতে চলা এই মেগা টুর্নামেন্টের ডিজিটাল ও টেলিভিশন সম্প্রচার স্বত্ব ছিনিয়ে নিল জনপ্রিয় স্পোর্টস প্ল্যাটফর্ম ‘ফ্যানকোড’ (FanCode)। জিও-স্টার এবং এবিপি নেটওয়ার্কের মতো বড় সংস্থাকে বিডিং যুদ্ধে পিছনে ফেলে দিয়ে বাজিমাত করল তারা।

তীব্র লড়াই ও অবিশ্বাস্য দর: এআইএফএফ (AIFF) সূত্রে খবর, এবারের বিডিং প্রক্রিয়ায় অংশ নিয়েছিল এবিপি নেটওয়ার্ক, জিওস্টার, টু সার্কলস এবং মোনার্ক-পিআর সলিউশনসের মতো দেশি-বিদেশি নামী সংস্থা। তবে সবাইকে টেক্কা দিয়ে ৮.৬ কোটি টাকায় সম্প্রচার স্বত্ব পকেটে পুরল ফ্যানকোড। তবে চুক্তির অঙ্ক দেখে চক্ষু চড়কগাছ ফুটবল বিশেষজ্ঞদের। গত মরশুমে ১৬৩ ম্যাচের লিগের স্বত্ব বিক্রি হয়েছিল ২৭৫ কোটি টাকায়। এবার ৯১ ম্যাচের লিগের দাম কমে দাঁড়িয়েছে মাত্র ৮.৬২ কোটি টাকায়। অর্থাৎ, ম্যাচ প্রতি হিসেব করলে সম্প্রচার মূল্য কমেছে প্রায় ৯৫ শতাংশ!

কলকাতার সাফল্য: বাঙালি ফুটবল প্রেমীদের জন্য আরও একটি গর্বের খবর হলো, এবারের আইএসএল প্রোডাকশনের দায়িত্ব পেয়েছে কলকাতার সংস্থা ‘ক্যালাইডোস্কোপ’ (KPS Studio)। ৫.২ কোটি টাকার বিনিময়ে তারা এই দায়িত্ব পেয়েছে। আই লিগ, ডুরান্ড কাপ ও কলকাতা লিগের প্রোডাকশনে তাদের সাফল্যের ট্র্যাক রেকর্ড দেখেই ফেডারেশন এই সিদ্ধান্ত নিয়েছে।

টিভিতে কোথায় দেখা যাবে? ফ্যানকোড মূলত একটি ডিজিটাল প্ল্যাটফর্ম হওয়ায় অনলাইন স্ট্রিমিং নিশ্চিত থাকলেও টিভি সম্প্রচার নিয়ে প্রশ্ন ছিল। জানা গিয়েছে, তারা টেলিভিশনে খেলা দেখানোর জন্য সোনি স্পোর্টসের (Sony Sports) সঙ্গে আলোচনা চালাচ্ছে। ফ্যানকোডের সহ-প্রতিষ্ঠাতা ইয়ানিক কোলাসো এই চুক্তিতে দারুণ উচ্ছ্বসিত। ফেডারেশনের ডেপুটি জেনারেল সেক্রেটারি এম সত্যনারায়ণও নতুন পার্টনার হিসেবে ফ্যানকোডকে স্বাগত জানিয়েছেন।