লস্করের হিটলিস্টে এবার হাশিম কুরেশির ছেলে! মুখ খুললেই কি নেমে আসবে মৃত্যু? কাঁপছে কাশ্মীর

কাশ্মীরে সন্ত্রাসবাদের বিরুদ্ধে আওয়াজ তুললেই এবার কি সোজা বুকে গুলি? উপত্যকার বিশিষ্ট ব্যক্তিত্বদের এমনই হাড়হিম করা হুমকি দিল লস্কর-ই-তৈবার ছায়া সংগঠন ‘দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট’ (TRF)। তাদের নিশানায় রয়েছেন বিশিষ্ট কাশ্মীরি বুদ্ধিজীবী জুনেইদ কুরেশি। গত ৬ মাসে এই নিয়ে দ্বিতীয়বার সরাসরি প্রাণনাশের হুমকি দেওয়া হল তাঁকে। গোয়েন্দা সূত্রের খবর, পাকিস্তানের মদতপুষ্ট জঙ্গিগোষ্ঠীগুলির সমালোচনা করাতেই এই হিটলিস্টে নাম উঠেছে তাঁর।
জুনেইদ কুরেশি নিজেই দাবি করেছেন, পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই (ISI) তাঁকে হত্যার ছক কষছে। লস্কর কমান্ডার সাজ্জাদ গুলকে এই দায়িত্ব দেওয়া হয়েছে। আসলে জুনেইদ কাশ্মীরে একটি এমন থিংক ট্যাঙ্ক গড়ে তুলছেন, যা আন্তর্জাতিক স্তরে পাকিস্তানের ভুয়ো প্রচারকে রুখে দিয়ে ভারতের সপক্ষে জোরালো যুক্তি তুলে ধরবে। আর এতেই ঘুম উড়েছে রাওয়ালপিন্ডির। হুমকি বার্তায় স্পষ্ট বলা হয়েছে, জুনেইদ একজন ‘বিশ্বাসঘাতক’ এবং তাঁকে হত্যা করতে সামান্যতম দ্বিধা করবে না লস্কর।
উল্লেখ্য, জুনেইদ হলেন ভারতের প্রথম হাইজ্যাকার হাশিম কুরেশির ছেলে, যিনি ১৯৭১ সালে ভারতের বিমান হাইজ্যাক করেছিলেন। কিন্তু বাবার পথের বিপরীতে হেঁটে জুনেইদ সবসময় ভারতের অখণ্ডতা ও শান্তির কথা বলেন। গোয়েন্দারা এই হুমকিকে হালকাভাবে নিচ্ছেন না। কারণ ১৯৮৯ থেকে ২০২০ সালের মধ্যে ৫ হাজারেরও বেশি মানুষ জঙ্গিদের বিরুদ্ধে কথা বলে প্রাণ হারিয়েছেন। রাইজিং কাশ্মীরের সম্পাদক শুজাত বুখারীর স্মৃতি আজও তাজা। বর্তমানে রাওয়ালপিন্ডি থেকে একটি এনক্রিপটেড অ্যাপের মাধ্যমে এই হুমকি আসছে, যার নেপথ্যে রয়েছেন লস্কর কমান্ডার শেখ সাজ্জাদ গুল।