ভোটার তালিকায় কারচুপি? নথি আপলোডে ‘ইচ্ছেকৃত’ ভুল করে এবার কড়া শাস্তির মুখে সরকারি অফিসাররা!

রাজ্যে ভোটার তালিকার নিবিড় সংশোধন বা SIR প্রক্রিয়ার শুনানি চলাকালীন মারাত্মক অনিয়মের হদিশ পেল নির্বাচন কমিশন। অভিযোগ উঠেছে, কমিশনের পোর্টালে ভোটারদের তথ্য ও নথি আপলোড করার সময় একদল আধিকারিক ‘ইচ্ছেকৃত’ ভুল করছেন। এই ঘটনার জেরে এবার সরাসরি কাঠগড়ায় দাঁড়িয়েছেন ইলেক্টোরাল রেজিস্ট্রেশন অফিসার (ERO) এবং অ্যাসিস্ট্যান্ট ইলেক্টোরাল রেজিস্ট্রেশন অফিসাররা (AERO)। সূত্রের খবর, এই গাফিলতির দায়ে সংশ্লিষ্ট অফিসারদের বড়সড় শাস্তির মুখে ফেলতে পারে কমিশন।

কমিশন এই কাজের তদারকির জন্য বিশেষ পর্যবেক্ষক নিয়োগ করেছিল। সেই পর্যবেক্ষকদের নজরেই প্রথম এই নথি বিভ্রাট ধরা পড়ে। কমিশন সূত্রের খবর, পর্যবেক্ষকরা ইতিমধ্যেই রাজ্যের বেশ কিছু বিধানসভা কেন্দ্রের তথ্য খতিয়ে দেখে একটি তালিকা তৈরি করেছেন। সেখানে দেখা গিয়েছে, শুনানির সময় এক নথি দেখানো হলেও ওয়েবসাইটে আপলোড করা হয়েছে সম্পূর্ণ অন্য নথি। উত্তর কলকাতার একটি বিধানসভা কেন্দ্রে এমন এক ঘটনার উদাহরণ পাওয়া গিয়েছে, যেখানে এক ভোটারের নথিতে পাসপোর্টের কথা উল্লেখ থাকলেও আপলোড করা হয়েছে আধার ও প্যান কার্ড।

কমিশনের পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়েছে, এই ধরনের ভুলগুলি কি নিছক অসাবধানতা নাকি কোনো অসৎ উদ্দেশ্যে করা হয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। বিশেষ পর্যবেক্ষকদের নির্দেশ দেওয়া হয়েছে প্রতিটি অভিযোগ পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই করতে। যদি প্রমাণিত হয় যে কোনো আধিকারিক জেনেবুঝে ভুল তথ্য পরিবেশন করেছেন বা কারচুপি করার চেষ্টা করেছেন, তবে কমিশন তাঁর বিরুদ্ধে কড়া আইনি ও বিভাগীয় পদক্ষেপ নেবে। এই কড়াকড়িতে বর্তমানে প্রশাসনিক মহলে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে।