‘তেজস একেবারে নিরাপদ, বিশ্বের সেরা সেফটি রেকর্ড’! দুবাইয়ের দুর্ঘটনা সত্ত্বেও জোর দিলেন HAL চেয়ারম্যান ডিকে সুনীল

দুবাই এয়ারশো-তে ঘটে যাওয়া দুর্ঘটনা সত্ত্বেও তেজস লাইট কমব্যাট এয়ারক্রাফটের (LCA) সুরক্ষা বৈশিষ্ট্য নিয়ে পুনরায় জোর দিলেন হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেডের (HAL) চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর ডিকে সুনীল। তিনি শুক্রবার ANI-এর ন্যাশনাল সিকিউরিটি সামিটে বক্তব্য রাখতে গিয়ে বিমানটিকে “একেবারে নিরাপদ” বলে ঘোষণা করেন এবং বলেন যে এই দুর্ভাগ্যজনক ঘটনাটি বিমানের ভবিষ্যৎ ব্যবহারে কোনো প্রভাব ফেলবে না।

‘তেজসে সমস্যা নেই’ HAL চেয়ারম্যান সাফ জানান, “তেজসে কোনো সমস্যা নেই, এটি একেবারে নিরাপদ এবং এর সেফটি রেকর্ড বিশ্বের সেরা। দুবাইতে যা দেখেছেন তা একটি দুর্ভাগ্যজনক ঘটনা।” তিনি বলেন, দেশীয়ভাবে সর্বশেষ ক্ষমতাসম্পন্ন একটি ৪.৫ প্রজন্মের বিমান তৈরি করা ভারতের জন্য গর্বের বিষয়।

নিন্দুকদের উদ্দেশ্য করে তিনি বলেন, “আমার মনে হয়, দেশগুলো যখন নিজেদের প্রযুক্তি তৈরি করে এবং বিকশিত হয়, তখন আমরা বিভিন্ন পর্যায়ের মধ্যে দিয়ে যাই। সবসময়ই কিছু নিন্দুক থাকবে এবং প্রশ্ন তুলবে, কিন্তু এটা আমাদের শক্তিশালী হওয়া থেকে আটকাতে পারবে না। আমি আপনাদের পুরোপুরি আশ্বাস দিতে পারি যে এটি একটি একেবারে নিরাপদ বিমান।”

রফতানিতে বিশেষ জোর ডিকে সুনীল আরও বলেন যে, ভারতীয় কোম্পানি HAL এখন বিশ্বব্যাপী একটি বড় খেলোয়াড় হয়ে ওঠার লক্ষ্যে রপ্তানির দিকেও মনোযোগ দিচ্ছে। তিনি বলেন, “এটা সরকারের নীতি যে আমাদের বিশ্বব্যাপী হতে হবে। ভারত সরকার এবং কোম্পানির প্রচারের ফলেই রপ্তানি সম্ভব হচ্ছে। আমরা যে ক্ষমতা তৈরি করছি, এটা তারই একটি যৌক্তিক বিস্তার।”

দুবাই এয়ারশো-তে দুর্ঘটনা প্রসঙ্গত, দুবাই এয়ারশো-তে এই দুর্ঘটনাটি তেজস এলসিএ-এর সঙ্গে জড়িত দ্বিতীয় ঘটনা। শুক্রবার দুবাইয়ের আল মাকতুম আন্তর্জাতিক বিমানবন্দরে একটি লো-লেভেল অ্যারোবেটিক প্রদর্শনের সময় বিমানটি নিচে পড়ে গিয়ে আগুন ধরে গেলে পাইলট প্রাণ হারান। ভারতীয় বায়ুসেনা (IAF) পরে এই খবর নিশ্চিত করে।

ফুটেজে দেখা গেছে, তেজস মার্ক-১ বিমানটি একটি কম উচ্চতার “নেগেটিভ জি-টার্ন” থেকে রিকভার করতে ব্যর্থ হয়, যার ফলে মারাত্মক পতন ও বিস্ফোরণ ঘটে। উইং কমান্ডার নমাংশ সায়াল ইজেক্ট করতে পারেননি এবং মারাত্মকভাবে আহত হন।