কিয়ারা-সিদ্ধার্থের ঘরে নতুন অতিথি! প্রকাশ্যে এল ছোট্ট রাজকন্যার প্রথম ঝলক ও নাম

বলিউডের তারকা দম্পতি কিয়ারা আডবাণী এবং সিদ্ধার্থ মালহোত্রা সদ্য বাবা-মা হয়ে তাঁদের ছোট্ট কন্যা সন্তানকে নিয়ে বেজায় ব্যস্ত। অনুরাগীদের মধ্যে কৌতুহল ছিল, এই তারকা জুটি তাঁদের মেয়ের নাম কী রাখবেন? অবশেষে সেই জল্পনার অবসান ঘটল। শুক্রবার সোশ্যাল মিডিয়ায় মেয়ের প্রথম ঝলক সামনে এনে নাম ঘোষণা করলেন কিয়ারা ও সিদ্ধার্থ।

এদিন তারকা দম্পতি তাঁদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে যৌথভাবে একটি আবেগঘন পোস্ট করেন। অভিনেত্রী কিয়ারা আডবাণী লেখেন, “আমাদের প্রার্থনা থেকে আমাদের কোলে। আমাদের জীবনে সেরা আশীর্বাদ, আমাদের রানি।”

এরপরেই তাঁরা আনুষ্ঠানিকভাবে মেয়ের নাম ঘোষণা করেন। তাঁরা জানান, তাঁদের সন্তানের নাম রাখা হয়েছে সরায়াহ মালহোত্রা (Saraayah Malhotra)। সন্তানের জন্মের প্রায় পাঁচ মাস পর তার নাম ও ঝলক প্রকাশ্যে আসতেই অনুরাগীরা ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন পোস্টটি। তারকা দম্পতির জীবনে নতুন অতিথির আগমন বলিউডের অন্দরে খুশির খবর নিয়ে এল।