আফগানিস্তানের সঙ্গে সংঘাতে কোণঠাসা পাকিস্তান, ভারতকে দায়ী করলেন প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ

আফগানিস্তানের সঙ্গে চলমান সংঘাতে (Pakistan Afghanistan War) কার্যত নাজেহাল অবস্থা পাকিস্তানের। সীমান্তে ক্রমাগত গোলাগুলিতে একাধিক পাকিস্তানি সেনার মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। এই পরিস্থিতিতে আফগানদের সঙ্গে সংঘাতের ব্যর্থতা ঢাকতে এবার সরাসরি ভারতকে নিশানা করলেন পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ। তাঁর দাবি, ‘কাবুল নয়, ভারতই প্রক্সি ওয়ার চালাচ্ছে এবং ইসলামাবাদে হামলার ছক কষছে নয়া দিল্লি!’

গত শুক্রবার রাত থেকে পাকিস্তান ও আফগানিস্তান সীমান্ত সংঘর্ষে জড়িয়েছে, তাতে দু’পক্ষেই হতাহতের ঘটনা ঘটেছে। এই সংঘাতের আবহে মূলত পাক সেনার কনভয় ও ছাউনি লক্ষ্য করে জোরালো হামলা চালাচ্ছে তেহরিক ই তালিবান পাকিস্তান (টিটিপি)। এমন ‘ঘরে-বাইরে কোণঠাসা’ পরিস্থিতিতে পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ অভিযোগের তীর সরাসরি ভারতের দিকে রাখলেন।

সম্প্রতি জিও নিউজকে দেওয়া এক টেলিভিশন সাক্ষাৎকারে পাক প্রতিরক্ষামন্ত্রী জানান, “কাবুল নয়, প্রক্সি ওয়ার চালাচ্ছে নয়া দিল্লি।” তিনি বলেন, “আমার সন্দেহ, দিল্লি তালেবানকে যুদ্ধের জন্য উসকেছে।”

বিগত কয়েকদিনের লাগাতার গোলাগুলির পর বুধবার গভীর রাতে দুই দেশের মধ্যে অস্থায়ী ভিত্তিতে ৪৮ ঘণ্টার জন্য যুদ্ধবিরতি কার্যকর হয়। ইসলামাবাদ ঘোষণা করে যে আফগানিস্তানের তরফেই যুদ্ধবিরতির প্রস্তাব এসেছিল এবং তারা তাতে সায় দিয়েছে। তবে খাজা আসিফ এই যুদ্ধবিরতি নিয়ে সন্দেহ প্রকাশ করে সতর্ক করেন যে, এই সময়ের মধ্যে যদি কেউ পাকিস্তানে হামলা চালায়, তবে পাকিস্তান কঠিন জবাব দিতে প্রস্তুত।

তিনি সরাসরি হুঁশিয়ারি দিয়ে বলেন, “আফগানিস্তান যদি ফের উত্তেজনা বাড়াতে চায় কিংবা যুদ্ধের পরিস্থিতি তৈরি করে, তবে পাকিস্তান সামরিক পদক্ষেপের জন্য পুরোপুরি প্রস্তুত।”

উল্টোদিকে, আফগানিস্তানের তালিবান সরকার জানিয়েছে, তারা সামরিক বাহিনীকে যুদ্ধবিরতি মেনে চলার নির্দেশ দিয়েছে। তবে পাকিস্তান এই চুক্তি লঙ্ঘন করলে তালিবান চুপ করে থাকবে না। উল্লেখ্য, গত কয়েকদিনের এই সীমান্ত সংঘর্ষে দুই দেশের ডজন খানেক সামরিক সদস্য ও সাধারণ নাগরিক প্রাণ হারিয়েছে।