‘১০ ম্যাচ খেলা ও ৫ বছর আগে অবসরপ্রাপ্তরা কেন নির্বাচক?’ বিসিসিআইয়ের বাছাই পদ্ধতি নিয়ে এবার প্রশ্ন তুললেন অজিঙ্ক রাহানে

ভারতীয় পেসার মহম্মদ শামির পর এবার ভারতীয় নির্বাচক ও বিসিসিআই-এর (BCCI selector appointment rules) বাছাই পদ্ধতি নিয়ে সরাসরি প্রশ্ন তুললেন তারকা ব্যাটার অজিঙ্ক রাহানে। বিসিসিআই-এর নির্বাচক নিয়োগের বর্তমান পদ্ধতিটি পুনর্বিবেচনা করার জন্য দাবি জানিয়েছেন তিনি।

চেতেশ্বর পূজারার ইউটিউব চ্যানেলে এই বিষয়ে রীতিমতো সরব হয়েছেন রাহানে। বর্তমানে ১০টি প্রথম শ্রেণির ম্যাচ খেলা এবং অবসরের পাঁচ বছর পার করা ক্রিকেটারদেরই ঘরোয়া ক্রিকেটে নির্বাচক হিসেবে বিবেচনা করা হয়। কিন্তু রাহানের মতে, এই মডেলটি এখন ‘পুরোনো’ হয়ে গেছে এবং বিসিসিআই-এর উচিত নির্বাচক বাছাইয়ের পদ্ধতিটি ফের একবার পুনর্বিবেচনা করা।

তাঁর সাফ বক্তব্য, ‘অবসরের ছয়, সাত বা আট বছর পরে নয়! বরং, সম্প্রতি ক্রিকেট থেকে অবসর নেওয়া খেলোয়াড়দেরকেই নির্বাচক হিসেবে বেছে নেওয়া উচিত। কারণ, নতুন যুগে ক্রিকেট কীভাবে বদলাচ্ছে, তা তারাই সবচেয়ে ভালো জানেন। বহু বছর আগে অবসর নেওয়া ক্রিকেটারের খেলার গতি এবং পরিবর্তনের বিষয়ে স্পষ্ট ধারণা নাও থাকতে পারে।’

রাহানে মনে করেন, এমন নির্বাচক থাকা উচিত নয়, যারা ২০-৩০ বছর আগের ক্রিকেট খেলার নিয়ম অনুযায়ী সিদ্ধান্ত নেন। বিশেষ করে টি-২০ এবং আইপিএলের যুগে, নির্বাচকদের আধুনিক ক্রিকেট সম্পর্কে অবশ্যই জ্ঞান থাকা উচিত।

তিনি আরও জানান, এমন একটি পরিবেশ তৈরি করা জরুরি, যেখানে ক্রিকেটাররা যেন কখনোই নির্বাচকদের ভয় না পেয়ে স্বাধীনভাবে খেলতে পারে। তাঁর কথায়, ‘নির্বাচকদের ভয় পাওয়ার মতো পরিস্থিতি তৈরি হওয়া একেবারেই উচিত নয়। ক্রিকেটারদের এমন পরিস্থিতিতে পড়তে হবে, এমনটা ঠিক নয়।’

অন্যদিকে, এই আলোচনায় যোগ দিয়ে চেতেশ্বর পূজারাও বলেন, ভারতীয় টেস্ট দলে নির্বাচন সম্পূর্ণভাবে রঞ্জি ট্রফির মতো ঘরোয়া টুর্নামেন্টের পারফরম্যান্সের ভিত্তিতেই হওয়া উচিত। তিনি চান, ঘরোয়া ক্রিকেটে ভালো খেলা ক্রিকেটাররাই যেন জাতীয় দলে সুযোগ পায়—এই ধারা যেন অব্যাহত থাকে।