‘দাদু’ সেজে দিনের পর দিন ধর্ষণ! নাবালিকা অন্তঃসত্ত্বা হতেই তোলপাড় হলদিয়া, কাঠগড়ায় তৃণমূল কর্মী?

পূর্ব মেদিনীপুরের হলদিয়া পৌরসভা এলাকায় এক ভয়ঙ্কর নৃশংসতার ঘটনা সামনে এল। প্রতিবেশী এক ব্যক্তি, যাকে নাবালিকা ‘দাদু’ বলে ডাকত, তারই বিরুদ্ধে খাওয়ার লোভ দেখিয়ে দিনের পর দিন নাবালিকাকে ধর্ষণের অভিযোগ উঠেছে। ধর্ষণের জেরে নির্যাতিতা নাবালিকা সাত মাসের অন্তঃসত্ত্বা হয়ে পড়েছে। ঘটনা জানাজানি হতেই অভিযুক্ত ব্যক্তি বাড়ি ছেড়ে পালিয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, নির্যাতিতার বাবা কিছুদিন একটি মামলায় জেলে ছিলেন। অভিযোগ, বাবা বাড়িতে না থাকার সেই সুযোগকে কাজে লাগিয়ে বছর পঞ্চান্নর অভিযুক্ত ব্যক্তি নাবালিকাকে টার্গেট করে। তাকে খাবার ও টাকার লোভ দেখিয়ে দিনের পর দিন বাড়িতে ডেকে ধর্ষণ করেন।

নাবালিকার পেট ক্রমশ বেড়ে যাওয়ায় পরিবারের লোকজনের সন্দেহ হয়। চিকিৎসককে দেখানোর পরই তার অন্তঃসত্ত্বা হওয়ার বিষয়টি সামনে আসে। এরপরই নাবালিকা তার বাবা-মাকে সব খুলে বলে। নাবালিকার পরিবার অভিযুক্তের বাড়িতে গেলে সে প্রথমে টাকা দিয়ে বিষয়টি মিটমাট করার চেষ্টা করে। কিন্তু শোরগোল পড়তেই অভিযুক্ত সিকিউরিটি গার্ডের কাজ করা ব্যক্তিটি বাড়ি ছেড়ে পলাতক হন।

নাবালিকার পরিবার ভবানীপুর থানায় অভিযোগ দায়ের করেছে। গতকাল হলদিয়া মহকুমা আদালতে ওই নাবালিকার গোপন জবানবন্দি নেওয়া হয়েছে। আপাতত নাবালিকাকে সরকারি হোমে পাঠানো হয়েছে। পরিবার ও প্রতিবেশীরা অভিযুক্তের কঠোর শাস্তির দাবি জানিয়েছে।

এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক চাপানউতোরও শুরু হয়েছে। স্থানীয় বিজেপি নেতৃত্ব অভিযোগ করেছে, অভিযুক্ত ব্যক্তি তৃণমূল কর্মী হওয়ায় এলাকায় প্রভাব দেখাতেন এবং সেই প্রভাব খাটিয়েই এই দুষ্কর্ম করেছেন।

অন্যদিকে, রাজ্যের শাসকদল তৃণমূল এই অভিযোগ খারিজ করে দিয়েছে। তাদের বক্তব্য, ওই ব্যক্তির সঙ্গে দলের কোনও সম্পর্ক নেই। তৃণমূলের পক্ষ থেকে জানানো হয়েছে, আইন তার নিজের পথে চলবে এবং নির্যাতিতার পরিবারের পাশে থাকার বার্তা দিয়েছে তারা।