টাকা চুরির ‘শাস্তি’! মেয়েকে ওড়না দিয়ে শ্বাসরোধ করে খুন করল বাবা, বুলন্দশহরে ভয়ঙ্কর কাণ্ড

বর্তমান সমাজের নৈতিক অবক্ষয়ের এক মর্মান্তিক চিত্র সামনে এল উত্তরপ্রদেশের বুলন্দশহরে। বাড়িতে টাকা চুরি করা নিয়ে ঝামেলার জেরে নিজের নাবালিকা মেয়েকে শ্বাসরোধ করে খুন করার অভিযোগ উঠল বাবার বিরুদ্ধে। ইতিমধ্যেই অভিযুক্ত বাবাকে আটক করেছে পুলিশ।
পুলিশ সূত্রে খবর, মৃতার নাম সোনম, বয়স মাত্র ১৩। সে সপ্তম শ্রেণির ছাত্রী এবং বীচৌলা গ্রামের বাসিন্দা। শুক্রবার বিকেল ৪টা নাগাদ অনুপশহর থানা এলাকায় একটি ব্রিজের নিচে ঝোপের মধ্যে স্কুল ইউনিফর্ম পরা এক নাবালিকার দেহ পড়ে থাকার খবর ছড়ায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে তদন্ত শুরু করে।
তদন্ত চলাকালীন জানা যায়, বৃহস্পতিবার মেয়েটি স্কুলে গিয়েছিল। তার বাবা, অজয় শর্মা, তাকে স্কুল থেকে নিয়ে আসেন। পরে জিজ্ঞাসাবাদে অজয় স্বীকার করে, বাড়ি ফেরার পথে সে মেয়েকে নিজের জমিতে নিয়ে যায় এবং ওড়না দিয়ে শ্বাসরোধ করে খুন করে। এরপর মৃতদেহ সে একটি ক্যানালে ফেলে দেয়। পুলিশের উপস্থিতিতে জমি থেকে সোনমের স্কুল ব্যাগও উদ্ধার হয়।
পুলিশ জানিয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্ত অজয় শর্মা স্বীকার করেছে, সোনম বেশ কিছুদিন ধরে বাড়ি থেকে টাকা চুরি করছিল। এ নিয়ে বাবা-মায়ের সঙ্গে তার প্রায়ই ঝগড়া হতো। সেই ক্ষোভের বশেই সে এই নৃশংস খুন করেছে।
খুনের পর অজয় স্কুল কর্তৃপক্ষকে মিথ্যা জানিয়েছিল যে, মেয়ে কয়েকদিনের জন্য আত্মীয়দের বাড়ি গেছে এবং স্কুলে আসবে না।
অজয়ের কোনো মানসিক সমস্যা ছিল কিনা বা এই ঘটনায় পরিবারের অন্য কেউ জড়িত আছে কিনা, তা খতিয়ে দেখতে পুলিশ ঘটনার বিস্তারিত তদন্ত শুরু করেছে।