“আমাদের ৪ বিধায়ক চুরি করেও…”, তেজস্বী-লালুর কাছে AIMIM প্রধান ওইয়েসির জোট প্রস্তাব! কী চাইলেন তিনি?

বিহারে নির্বাচনের দামামা বেজে যাওয়ায় একদিকে যেমন মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের জেডিইউ উন্নয়ন প্রকল্পের প্রচারে মুখর, তেমনই ক্ষমতা দখলের লড়াইয়ে নেমে পড়েছে বিরোধীরা। এই আবহে বিহারের প্রধান বিরোধী দল আরজেডি-র হাত আরও শক্ত করতে বড় ইঙ্গিত দিলেন হায়দরাবাদের AIMIM প্রধান আসাদুদ্দিন ওইয়েসি। সম্প্রতি এক সাক্ষাৎকারে বিহারে বিরোধী জোটের নতুন সমীকরণের কার্যত ঘোষণাই করে দিলেন তিনি।
ওইয়েসি স্পষ্ট জানিয়েছেন, বিহার ভোটে নীতিশ কুমারকে পরাস্ত করতে আরজেডি-র সঙ্গে জোট বেঁধে লড়ার ইচ্ছা রয়েছে তাঁর দলের। এই মর্মে ইতিমধ্যেই লালু প্রসাদ যাদবের কাছে তাঁর দল AIMIM চিঠিও দিয়েছে বলে দাবি করেন ওইয়েসি। যদিও এই নিয়ে এখনও কংগ্রেসের সঙ্গে কোনও আলোচনা হয়নি। AIMIM প্রধান বলেন, “আমাদের দরজা বন্ধ হয়নি। তবে আমরা এরজন্য বেশিদিন অপেক্ষাও করতে পারব না।”
বিহার ভোটে তেজস্বী যাদবের পাশে ওইয়েসিকে দেখা যাবে কি না—এই প্রশ্নের জবাবে তিনি বলেন, এখনও চূড়ান্ত জবাব দেওয়ার সময় আসেনি, তবে কথাবার্তা চলছে।
গত সপ্তাহে আরজেডি নেতা তেজস্বী যাদব অবশ্য বলেছিলেন যে ওইয়েসির তরফ থেকে তাঁদের কাছে কোনও চিঠি আসেনি। এই প্রসঙ্গে AIMIM প্রধান দাবি করেন, “আমাদের বিহার প্রধান আখতারুল ইমান লালুজিকে চিঠি দিয়েছিলেন যে বিহারে বিজেপি আর ক্ষমতায় ফিরবে না। ধর্মনিরপেক্ষতা জোরদার করার জন্য আমরা বৃহত্তর স্বার্থে জোটের প্রস্তাব দিয়েছিলাম।”
এর পাশাপাশি, ওইয়েসি পুরনো ক্ষোভ উগরে দিয়ে বলেন, “যদিও আপনার দল (আরজেডি) আমাদের চারজন বিধায়ককে চুরি করেছে।” ওইয়েসি আরও জানান, আরজেডি-র কাছে AIMIM ছয়টি আসন চেয়েছে। যদি তারা জয়ী হয়, তবে AIMIM কোনো মন্ত্রী পদ নয়, বরং সীমাঞ্চল উন্নয়ন বোর্ড গঠনের দাবি জানিয়েছে।
প্রসঙ্গত, গত নির্বাচনে রাজ্যের সীমাঞ্চল অঞ্চলে ৫টি আসনে জিতেছিল AIMIM। এই মুহূর্তে বিহারে NDA-কে রুখতে ওইয়েসি এবং তেজস্বীর জোটের জল্পনা তুঙ্গে।