অ্যান্টার্কটিকায় বরফের নীচে কী রয়েছে? ১০ বছর পর বিজ্ঞানীরা দিলেন অবাক করা তথ্য

অ্যান্টার্কটিকা মানেই হাড় কাঁপানো ঠান্ডা, রাশি রাশি বরফের পাহাড় আর হাজারো রহস্য। সেই রহস্যের ভাঁজেই সম্প্রতি বিজ্ঞানীরা এখানকার পুরু বরফের তলায় খোঁজ পেলেন আরও ৮৫টি নতুন লেকের। টানা ১০ বছর ধরে স্যাটেলাইট ডেটা বিশ্লেষণ করার পরই এই আবিষ্কার সম্ভব হয়েছে। সবচেয়ে চাঞ্চল্যকর তথ্য হলো, এই ঝিলগুলি এখনও সক্রিয় বা অ্যাক্টিভ, যার ফলে নতুন এক রহস্য দানা বাঁধছে বলে মনে করছেন ওয়াকিবহাল মহল।
এই লেকগুলি কেন ‘অ্যাক্টিভ’ এবং কেন চিন্তার কারণ?
বিজ্ঞানীরা বলছেন, ‘অ্যাক্টিভ লেক’-এর অর্থ হলো এই লেকগুলি মাঝে মধ্যে ভরে যায়, আবার কিছু সময় হয়ে যায় খালি। এই প্রক্রিয়ার ফলে লেকগুলির আকার নিয়মিত বদলাতে থাকে—আজ বিরাট বড় থাকলে, কয়েক বছর পর হয়তো তার আয়তন কমে যেতে পারে। এই প্রক্রিয়া চলতেই থাকে।
বিজ্ঞানীরা আরও জানিয়েছেন, এই ধরনের লেক গ্লেসিয়ারের ওপর বিরাট প্রভাব ফেলে। বিশেষত, গ্লেসিয়ারে জমে থাকা বরফ কতটা গতিতে গলে যাবে, সেটা অনেকটাই নির্ভর করে এই লেকগুলির ওপর। যেহেতু বরফ গলার সঙ্গে সরাসরি সমুদ্রের জলস্তর বাড়ার সম্পর্ক রয়েছে, তাই এই বিষয়টি নিয়ে গভীর চিন্তায় রয়েছেন বিশেষজ্ঞরা।
কী করে মিলল এই রহস্যময় লেকের খোঁজ?
ইউরোপিয়ান স্পেস এজেন্সি-এর ক্রিয়োস্যাট-১২ স্যাটেলাইটের তথ্য বিশ্লেষণ করেই এই অতিরিক্ত লেকগুলির সন্ধান মেলে। ইউকে-এর ইউনিভার্সিটি অব লিডসের বিশেষজ্ঞরা এই বিশ্লেষণের কাজটি করেন। তাঁদের এই গুরুত্বপূর্ণ গবেষণাপত্রটি প্রকাশিত হয়েছে আন্তর্জাতিক বিজ্ঞান পত্রিকা নেচার কমিউনিকেশন-এ।
বরফের তলায় অবস্থিত এই লেকগুলি তৈরি হয় পৃথিবীর নিচের তাপমাত্রা বা বরফে ঘর্ষণের ফলে আইস গলে গিয়ে।
মোট লেকের সংখ্যা ২৩১
এতদিন জানা ছিল যে এই ভূখণ্ডে ১৪৬টি সক্রিয় সাবগ্ল্যাসিয়াল লেক রয়েছে। নতুন ৮৫টি লেক যোগ হওয়ার ফলে অ্যান্টার্কটিকায় মোট সক্রিয় লেকের সংখ্যা দাঁড়াল ২৩১। এই লেকগুলি কবে সৃষ্টি হলো, কী ভাবে কাজ করে—ইত্যাদি বিষয়গুলি বোঝার চেষ্টা চলছে। বিজ্ঞানীরা মনে করছেন, এর মাধ্যমেই অ্যান্টার্কটিকার গ্লেসিয়ার গলে যাওয়ার বিষয়টি আরও স্পষ্টভাবে সামনে আসবে।