যৌন নিগ্রহের ভিডিও দেখিয়ে ব্ল্যাকমেল! দিনের পর দিন কিশোরীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার প্রতিবেশী

দক্ষিণ ২৪ পরগনার জয়নগরে এক নাবালিকাকে যৌন নিগ্রহের ভিডিও সমাজমাধ্যমে ভাইরাল করে দেওয়ার ভয় দেখিয়ে একাধিকবার ধর্ষণের অভিযোগ উঠেছে এক ব্যক্তির বিরুদ্ধে। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে জয়নগরের খাকুরদহ গ্রাম পঞ্চায়েতের দেওয়ানগঞ্জ মণ্ডলপাড়ায়। অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করেছে। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, নির্যাতিতা নাবালিকা এবং অভিযুক্ত, দু’জনেই জয়নগরের খাকুরদহ গ্রাম পঞ্চায়েতের দেওয়ানগঞ্জ মণ্ডলপাড়ার বাসিন্দা। অভিযুক্তের এলাকায় একটি তেলেভাজার দোকান রয়েছে। অভিযোগ উঠেছে যে, সম্প্রতি ওই এলাকারই বাসিন্দা, ষষ্ঠ শ্রেণির এক ছাত্রীকে খাবারের লোভ দেখিয়ে ওই ব্যক্তি একটি বাগানে নিয়ে যায়। সেখানেই কিশোরীর উপর যৌন নির্যাতন করা হয় বলে অভিযোগ। সেই ঘটনার ভিডিও মোবাইল ফোনে তুলে রাখা হয়েছিল বলেও অভিযোগ। এরপরেই শুরু হয় ব্ল্যাকমেল করা।
অভিযোগ, সেই নিগ্রহের ভিডিও সমাজমাধ্যমে ভাইরাল করে দেওয়া হবে বলে ভয় দেখিয়ে নাবালিকাকে একাধিকবার ধর্ষণ করা হয়। শেষপর্যন্ত, এই নৃশংসতা সহ্য করতে না পেরে ওই কিশোরী বাড়ি ফিরে তার পরিবারের কাছে সমস্ত ঘটনা খুলে বলে। কালবিলম্ব না করে ওই কিশোরীর পরিবার জয়নগর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করে। অভিযোগ পাওয়ার পরই পুলিশ দ্রুত পদক্ষেপ নিয়ে অভিযুক্তকে গ্রেপ্তার করেছে। ধৃতকে আজই আদালতে তোলা হয়েছে।