মহাদেবের আশীর্বাদে ঝলমল শ্রাবণ! এই ৩ রাশি তাঁর চোখের মণি, খুলছে ভাগ্যের দরজা

শিবের মাস, শ্রাবণ! হিন্দি ক্যালেন্ডার অনুসারে ১১ জুলাই থেকে শুরু হয়ে গেছে ‘শাওন’, যা চলবে ৯ আগস্ট পর্যন্ত। আর বাংলা পঞ্জিকা মতে, শ্রাবণ মাস শুরু হচ্ছে আগামী ১৮ জুলাই, যার প্রথম সোমবার ২১ জুলাই। ভক্তদের বিশ্বাস, শ্রাবণ মাসে দেবাদিদেব মহাদেবের আরাধনা বিশেষভাবে ফলদায়ী। উপবাস, প্রার্থনা, কানওয়ার যাত্রা এবং শিবক্ষেত্রগুলিতে তীর্থযাত্রার মধ্য দিয়ে ভক্তরা এই পবিত্র মাসে শিবের কৃপা লাভের চেষ্টা করেন।

ভগবান শিব তাঁর সকল ভক্তের প্রতিই করুণাময়। তবে বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুসারে, এমন কয়েকটি রাশি রয়েছে, যা মহাদেবের বিশেষভাবে প্রিয় বলে মনে করা হয়। বিশ্বাস করা হয়, এই রাশিগুলির জাতক-জাতিকারা অন্যদের তুলনায় সহজে শিবের আশীর্বাদ লাভ করেন। এই বছর শ্রাবণে বেশ কিছু বিরল যোগ তৈরি হচ্ছে, যা এই মাসের গুরুত্ব আরও বাড়িয়ে দেবে। জ্যোতিষশাস্ত্রের ভবিষ্যদ্বাণী অনুযায়ী, এই শুভ যোগ এবং নক্ষত্রপুঞ্জের অবস্থানের কারণে এই মাসটি কয়েকটি রাশির জন্য বিশেষ উপকারী হতে চলেছে। আসুন জেনে নিই, মহাদেবের আশীর্বাদে কোন কোন রাশির ভাগ্যে বড় পরিবর্তন আসতে চলেছে।

মহাদেবের ‘চোখের মণি’ কোন ৩ রাশি?
জ্যোতিষশাস্ত্র মতে, এই শ্রাবণ মাসে স্বয়ং মহাদেব ভাগ্য খুলে দিতে পারেন এই ৩ রাশির জাতকদের:

মেষ রাশি: মেষ রাশির জাতক-জাতিকারা ভগবান শিবের বিশেষ অনুগ্রহপ্রাপ্ত। তাঁরা জন্মগতভাবেই শিবভক্ত হন এবং সহজে মহাদেবের আশীর্বাদ লাভ করেন বলে বিশ্বাস করা হয়। যদি এই শ্রাবণে তাঁরা নিষ্ঠাভরে পুজো-আর্চা করেন এবং উপবাস পালন করেন, তবে দ্রুত তাঁদের মনোবাঞ্ছা পূর্ণ হবে।

মকর রাশি: মকর রাশির অধিপতি হলেন স্বয়ং শনিদেব। যেহেতু বড়ঠাকুর শনিদেবও ভগবান শিবের পরম ভক্ত, তাই মকর রাশির জাতক-জাতিকারা কঠিন সময়েও মহাদেবের বিশেষ আশীর্বাদ পান। যদি তাঁদের প্রচেষ্টা সৎ হয়, তবে শিবের কৃপায় তাঁরা তাঁদের ন্যায্য ফলাফল নিশ্চিতভাবে পাবেন বলে বিশ্বাস।

কুম্ভ রাশি: কুম্ভ রাশিকেও ভগবান শিবের অত্যন্ত প্রিয় বলে মনে করা হয়। প্রাচীন কিংবদন্তি অনুসারে, যখন রাজা ভগীরথ গঙ্গাকে স্বর্গ থেকে পৃথিবীতে নিয়ে আসেন, তখন ভগবান শিব তাঁর জটায় গঙ্গাকে ধারণ করে তাঁর প্রলয়ঙ্করী প্রবাহ নিয়ন্ত্রণ করেছিলেন। ‘কুম্ভ’ বা কলসের মতো শিবের এই রূপটি কুম্ভ রাশিকে সরাসরি মহাদেবের ঐশ্বরিক উপস্থিতির সঙ্গে যুক্ত করে বলে বিশ্বাস করা হয়। তাই এই রাশির জাতকরা মহাদেবের আশীর্বাদধন্য এবং এই শ্রাবণে তাঁদের ভাগ্যে বিশেষ সুফল আসতে পারে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *