“সন্ত্রাসবাদীদের কোনও জাত হয় না…’”-কাশ্মীরে জঙ্গি হামলা নিয়ে আর কী বললেন মমতা?

কাশ্মীরের পহেলগাঁওয়ের ভয়াবহ জঙ্গি হামলায় প্রাণ হারানো রাজ্যের তিন বাসিন্দার মরদেহ আজই রাজ্যে ফিরিয়ে আনা হচ্ছে। এই মর্মে সমস্ত রকম প্রশাসনিক ব্যবস্থা করা হয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এছাড়াও, এই মুহূর্তে কাশ্মীরে আটকে থাকা রাজ্যের ২৬ জন পর্যটকের সঙ্গে সরকারের তরফে যোগাযোগ করা হয়েছে এবং তাঁরা সুরক্ষিত আছেন বলেও মুখ্যমন্ত্রী জানিয়েছেন।

মুখ্যমন্ত্রী জানান, নিহতদের মরদেহ দিল্লি বিমানবন্দরে এসে পৌঁছনোর পর রাজ্য প্রশাসনের তরফে তাদের পরিবারের সদস্যদের সহায়তা এবং মরদেহ কলকাতায় ফিরিয়ে আনার সমস্ত ব্যবস্থা করা হচ্ছে। তিনি ব্যক্তিগতভাবে এই বিষয়টি তদারকি করছেন এবং প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা একযোগে কাজ করছেন। এর আগে এদিন সকালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজের এক্স (পূর্বের টুইটার) হ্যান্ডেলেও একই তথ্য জানিয়ে লেখেন যে, কাশ্মীরের জঙ্গি হামলায় রাজ্যের ৩ জন মারা গিয়েছেন এবং তাঁদের মরদেহ ফেরাতে দিল্লি বিমানবন্দরে রাজ্য প্রশাসন সব রকম সহায়তা করছে ও তিনি নিজে বিষয়টি তদারকি করছেন।

কাশ্মীরের এই বর্বরোচিত জঙ্গি হামলার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোরতম ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, ‘আমরা চাই, যারা এই ঘটনা ঘটিয়েছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হোক। জঙ্গি কার্যকলাপকে কোনওভাবেই বরদাস্ত করার প্রশ্নই ওঠে না।’

মমতা বন্দ্যোপাধ্যায় বুধবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, ‘সন্ত্রাসবাদীদের কোনও জাত হয় না, এদের ক্ষমা করা যায় না। কিন্তু আমি ভেবে পাচ্ছি না [যে কীভাবে এটা ঘটল…]’। তিনি কাশ্মীরের মতো একটি অত্যন্ত সংবেদনশীল এলাকায়, যেখানে এত সংখ্যক সেনাবাহিনী মোতায়েন রয়েছে, সেখানে এমন হামলা হওয়া নিয়েও প্রশ্ন তোলেন। তাঁর কথায়, ‘এতক্ষণ সময় লেগেছে, বেছে বেছে ওরা হত্যা করেছে। ওখানে তো অনেক আর্মি ছিল, সীমান্ত এলাকা তো এমনিতেই সেনসেটিভ। যাই হোক, এই সব বাছাবছি নিয়ে এখন কিছু বলছি না। দোষীদের বিরুদ্ধে কড়া শাস্তি হোক।’

উল্লেখ্য, কাশ্মীরের পহেলগামে হওয়া এই জঙ্গি হামলায় সরকারিভাবে ২৬ জনের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে জাতীয় তদন্ত সংস্থা (NIA)। কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং ইতিমধ্যেই এই হামলার কড়া জবাব দেওয়ার ইঙ্গিত দিয়েছেন। এই পরিস্থিতিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাসভবনে উচ্চ পর্যায়ের বৈঠক চলছে।

রাজ্যের তিন বাসিন্দার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একই সঙ্গে তিনি আটকে থাকা পর্যটকদের নিরাপত্তা নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন এবং তাঁদের সুরক্ষিত ফেরানোর বিষয়ে রাজ্য প্রশাসনের তৎপরতার কথা জানিয়েছেন।