“নকল শ্যাম্পুতে বিষাক্ত ক্যামিক্যাল!”-১৬ লক্ষ টাকার ‘ফেক হেড অ্যান্ড শোল্ডার্স’ উদ্ধার করলো পুলিশ

আপনি হয়তো নিশ্চিন্তে আপনার প্রিয় ব্র্যান্ডের শ্যাম্পু ব্যবহার করছেন, কিন্তু তা আসল তো? সুরতের আমরোলি এলাকায় ৮ বছর ধরে অনলাইনে বিক্রি হচ্ছিল দেখতে ও গন্ধে হুবহু আসলের মতো, কিন্তু ভেতরে বিষাক্ত নকল হেড অ্যান্ড শোল্ডার্স শ্যাম্পু। একটি বড় চক্রের পর্দাফাঁস করেছে পুলিশ, উদ্ধার হয়েছে প্রায় ১৬ লক্ষ টাকার নকল পণ্য।
পুলিশ জানিয়েছে, সুরতের আমরোলি এলাকা থেকে এই চক্রটি গত ৮ বছর ধরে সক্রিয় ছিল। তারা দেখতে এবং গন্ধে আসল হেড অ্যান্ড শোল্ডার্স শ্যাম্পুর মতোই নকল শ্যাম্পু তৈরি করত এবং বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার করে সেগুলো বিক্রি করত। অনেক সময় “বাই ওয়ান গেট ওয়ান ফ্রি”-এর মতো লোভনীয় অফার দিয়ে তারা সাধারণ মানুষকে আকৃষ্ট করত।
এই কারবারের বিষয়টি প্রথম নজরে আসে হেড অ্যান্ড শোল্ডার্স কোম্পানির একজন সেলস অফিসারের। তাঁর সন্দেহ থেকেই বিষয়টি নিয়ে তদন্ত শুরু হয়। আমরোলি থানায় অভিযোগ দায়েরের পর পুলিশ দ্রুত পদক্ষেপ নেয় এবং ‘ভারিয়াভ টি পয়েন্ট’-এর কাছে একটি গুদামে হানা দেয়। পুলিশের অভিযানে ওই গুদাম থেকে বিপুল পরিমাণ নকল শ্যাম্পু উদ্ধার হয়। ১৬ কার্টন ভর্তি নকল শ্যাম্পুর বোতল ছাড়াও প্রচুর নকল স্টিকার এবং প্যাকিং উপকরণ বাজেয়াপ্ত করা হয়। উদ্ধার হওয়া নকল পণ্যের বাজারমূল্য প্রায় ১৬ লক্ষ ৩৯ হাজার টাকা বলে পুলিশ সূত্রে জানা গেছে।
এই ঘটনায় প্রাথমিকভাবে হিতেশ ধীরুভাই শেঠ নামে ১২ হাজার টাকা বেতনের এক ক্লার্ককে আটক করা হয়। কিন্তু জিজ্ঞাসাবাদে তদন্তকারীরা জানতে পারেন যে এই চক্রের আসল মাথা দুজন – ড্যানিশ বিরানি এবং জ্যামিন গাবানি। এরাই আসলের মতো দেখতে হুবহু বোতল তৈরি করিয়ে তার মধ্যে বিষাক্ত রাসায়নিক ভরে শ্যাম্পু হিসেবে বিক্রি করত। অনলাইন অফারের মাধ্যমে তারা দীর্ঘদিন ধরে মানুষের সঙ্গে প্রতারণা করে আসছিল।
কোম্পানির সন্দেহ শুরু হয় মূলত নকল বোতলগুলির কিছু নির্দিষ্ট গলদের কারণে। আসল পণ্যে ম্যানুফ্যাকচারিং ডেট, ব্যাচ নম্বর বা কোম্পানির নির্দিষ্ট সিলমোহর থাকে, যা এই নকল বোতলগুলিতে ছিল না। এই ছোট ছোট ত্রুটিগুলিই শেষ পর্যন্ত বিশাল এই চক্রটিকে ধরিয়ে দেয়।
এই ঘটনা আবারও প্রমাণ করল যে বাজারে নকল পণ্যের কারবার কতটা বিস্তৃত। তাই সাধারণ মানুষের জন্য সতর্কবার্তা জারি করা হয়েছে। আপনি যে প্রসাধনী পণ্য ব্যবহার করছেন, তা আসল না নকল, তা প্রতিবার যাচাই করুন। বিশেষ করে কম দামে বা লোভনীয় অফারে পাওয়া শ্যাম্পু বা অন্যান্য প্রসাধনী পণ্য কেনার আগে তার প্যাকিং, ব্যাচ নম্বর এবং কোম্পানির অফিসিয়াল মার্কসগুলি খুঁটিয়ে দেখে নিতে ভুলবেন না। নকল ও বিষাক্ত পণ্য ব্যবহারের ফলে ত্বকের মারাত্মক ক্ষতি হতে পারে।