ট্রলি ব্যাগে আস্ত লাশ, খোলা চুল-মুখ বাঁধা ব্রাউন টেপে, মৃত যুবতীকে দেখে চোখ কপালে পুলিশের

শহরের উপকণ্ঠে ফের সেই একই আতঙ্ক! কয়েক মাস আগে আহিরীটোলায় ট্রলি ব্যাগের ভেতর থেকে এক মহিলার দেহ উদ্ধারের ঘটনা রাজ্যবাসীকে নাড়িয়ে দিয়েছিল। এবার সেই বিভীষিকা ফিরল বাগুইআটিতে। সোমবার সন্ধ্যা থেকে নর্দমায় আবর্জনার মাঝে পড়ে থাকা একটি ট্রলি ব্যাগ ঘিরে সন্দেহ ঘনীভূত হয়। মঙ্গলবার সকালে সেই ব্যাগ উদ্ধার হতেই বেরিয়ে আসে এক যুবতীর মৃতদেহ।

স্থানীয় সূত্রে খবর, বাগুইআটির একটি নর্দমায় সোমবার সন্ধ্যা থেকেই ব্যাগটি নজরে আসে বাসিন্দাদের। প্রথমে অনেকেই ভেবেছিলেন আবর্জনার সঙ্গেই কেউ হয়তো ব্যাগটি ফেলে দিয়েছে। তাই প্রথমটায় বিশেষ গুরুত্ব দেওয়া হয়নি। তবে মঙ্গলবার সকালে এক পেপার বিক্রেতার নজরে পড়লে তিনি স্থানীয় এক বাসিন্দাকে বিষয়টি জানান। এরপর খবর যায় বাগুইআটি থানায়।

পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ব্যাগটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। আর ব্যাগ খুলতেই শিউরে ওঠেন তদন্তকারীরা। ভেতরে পাওয়া যায় এক যুবতীর মৃতদেহ। পুলিশের অনুমান, মৃতার বয়স আনুমানিক ২৫ থেকে ৩০ বছরের মধ্যে। পরণে সালোয়ার কামিজ ছিল, চুল ছিল খোলা, তবে মুখটি ব্রাউন টেপ দিয়ে শক্ত করে বাঁধা ছিল। প্রাথমিক তদন্তে পুলিশের ধারণা, যুবতীকে খুন করে দেহ লোপাটের উদ্দেশ্যে ট্রলি ব্যাগে ভরে নর্দমায় ফেলে দেওয়া হয়েছিল।

পুলিশ বর্তমানে মৃত যুবতীর পরিচয় জানার চেষ্টা করছে। পাশাপাশি কে বা কারা এই নৃশংস ঘটনার সঙ্গে জড়িত, তা খুঁজে বের করতে তদন্ত শুরু হয়েছে। খাস কলকাতার উপকণ্ঠে দ্বিতীয়বার এমন ঘটনায় স্বাভাবিকভাবেই এলাকার মানুষের মধ্যে নতুন করে আতঙ্ক ছড়িয়েছে।