“ধান কাটার ফলে বাড়ছে দুর্ঘটনা?”-কৃষকদের ‘সতর্ক’ করে কড়া বার্তা দিলো পুলিশ

ধান কাটার মরসুম শুরু হতেই দুর্ঘটনা বেড়ে যাওয়ায় কৃষকদের সতর্ক করল পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ। মাইকিং করে জেলার বিভিন্ন এলাকায় কৃষকদের জানানো হচ্ছে, ধান কাটার মেশিন বা হারভেস্টারের চাকার কাদা রাস্তায় পড়লে তা পরিষ্কার করতে হবে। পুলিশের নির্দেশ অমান্য করলে কড়া ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

বর্তমানে বোরো ধান কাটার সময়। কৃষকরা দ্রুত ধান কাটার জন্য হারভেস্টার ব্যবহার করছেন। এর ফলে অল্প সময়ে অনেক জমির ধান কাটা সম্ভব হচ্ছে। তবে, এই সুবিধা ভোগ করতে গিয়ে অন্য বিপত্তি ডেকে আনছেন কিছু কৃষক।

স্থানীয় বাসিন্দা ও পুলিশের অভিযোগ, ধান কাটার পর হারভেস্টার ও ট্রাক্টর গ্রামীণ রাস্তা দিয়ে নিয়ে যাওয়ার সময় চাকার সঙ্গে প্রচুর কাদা ও মাটি উঠে আসছে। এই কাদা ও মাটি গ্রামের ভেতরের রাস্তা থেকে শুরু করে রাজ্য ও জাতীয় সড়কেও ছড়িয়ে পড়ছে। সাম্প্রতিক বৃষ্টিতে রাস্তা আরও পিচ্ছিল হয়ে যাওয়ায় বাইক-সহ বিভিন্ন যানবাহন নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার শিকার হচ্ছে।

পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল, দাসপুর, চন্দ্রকোনা, ডেবরা, সবং, পিংলা, কেশপুর, নারায়ণগড়, দাঁতন, কেশিয়াড়ি-সহ বিভিন্ন এলাকা থেকে এই বিষয়ে অভিযোগ আসছে। দিন কয়েক আগেই দাঁতনের তুরকা থেকে জেনকাপুর যাওয়ার রাস্তায় কাদা-মাটির কারণে একাধিক বাইক দুর্ঘটনা ঘটেছে। খড়গপুর-বালেশ্বর জাতীয় সড়কের কেশিয়াড়ি, সবং ও পিংলাতেও একই পরিস্থিতি। বাইকচালকদের অভিযোগ, কাদাযুক্ত রাস্তায় গাড়ি চালাতে গিয়ে অনেকেই দুর্ঘটনার কবলে পড়ছেন। এই পরিস্থিতিতে সাধারণ মানুষ ও কৃষকদের সতর্ক করতে শুরু করেছে পুলিশ।

পুলিশ জানিয়েছে, তারা হারভেস্টার ব্যবহার বন্ধ করার কথা বলছে না। তবে স্পষ্ট করে দেওয়া হয়েছে, জমি থেকে রাস্তায় ওঠার আগে ট্রাক্টর ও ধান কাটার মেশিনের চাকায় যেন কাদা লেগে না থাকে। যদি এরপরেও রাস্তায় কাদা মাটি লাগে, তাহলে সেই কৃষককেই দায়িত্ব নিয়ে তা পরিষ্কার করতে হবে। এই নির্দেশ অমান্য করলে আইন অনুযায়ী কড়া ব্যবস্থা নেওয়া হবে। পিংলা, সবং, কেশিয়াড়ি, দাঁতন-সহ জেলার বিভিন্ন থানায় মাইকিং করে কৃষকদের এই বিষয়ে সতর্ক করা হচ্ছে বলে জানিয়েছেন জেলা পুলিশের আধিকারিকরা।