পাশেই ছিলেন ২ নার্স, হাসপাতালে ভর্তি থাকা বিমানসেবিকাকে যৌন হেনস্থার অভিযোগ, তদন্তে পুলিশ

গুরুগ্রামের একটি বেসরকারি হাসপাতালে আইসিইউতে ভরতি থাকাকালীন এক ৪৬ বছর বয়সি বিমানসেবিকাকে যৌন হেনস্থা করার অভিযোগ উঠেছে। ভেন্টিলেটর সাপোর্টে থাকাকালীন ওই মহিলাকে হাসপাতালেরই কোনো কর্মী যৌন হেনস্থা করেছে বলে অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত ৬ এপ্রিল এই ঘটনাটি ঘটে। তবে নির্যাতিতা বিমানসেবিকা হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর গত ১৩ এপ্রিল তাঁর স্বামীকে বিষয়টি জানান। এরপর তাঁর স্বামী গুরুগ্রামের সদর থানায় অভিযোগ দায়ের করেন।

অভিযোগকারিণী বিমানসেবিকা পুলিশকে জানিয়েছেন, একটি সংস্থার ট্রেনিংয়ের জন্য তিনি গুরুগ্রামে এসেছিলেন। হোটেলে থাকাকালীন অসুস্থ বোধ করায় তাঁকে প্রথমে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। এরপর তাঁর স্বামী ৫ এপ্রিল তাঁকে অন্য একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তর করেন। গত ১৩ এপ্রিল তিনি হাসপাতাল থেকে ছাড়া পান। অভিযোগ অনুযায়ী, ৬ এপ্রিল যখন তিনি ভেন্টিলেটর সাপোর্টে ছিলেন, তখন হাসপাতালের কোনো এক কর্মী তাঁকে যৌন হেনস্থা করে। নির্যাতিতা জানান, সেই সময় তিনি এতটাই আতঙ্কিত ছিলেন যে প্রতিবাদ করতে পারেননি। এমনকি আশেপাশে দু’জন নার্স উপস্থিত ছিলেন বলেও তিনি দাবি করেছেন।

হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পরই তিনি তাঁর স্বামীকে পুরো ঘটনাটি জানান। এরপর দ্রুত ‘১১২’ নম্বরে ফোন করে পুলিশকে অভিযোগ জানানো হয়। পুলিশ অভিযোগ নথিভুক্ত করে তদন্ত শুরু করেছে। তদন্তকারীরা হাসপাতালে গিয়ে ডিউটি চার্ট খতিয়ে দেখছেন এবং অভিযুক্তকে শনাক্ত করার জন্য সিসিটিভি ফুটেজও খতিয়ে দেখছেন। পুলিশ ইতিমধ্যেই অভিযুক্তকে শনাক্ত করে ম্যাজিস্ট্রেটের সামনে তার বয়ান রেকর্ড করেছে।

তবে, এই বিষয়ে অভিযুক্ত হাসপাতাল কর্তৃপক্ষের কোনও প্রতিক্রিয়া এখনও পাওয়া যায়নি। রিপোর্টে আরও বলা হয়েছে, হাসপাতালের নিরাপত্তাকর্মীদের জিজ্ঞাসা করা হলে তাঁরা এই ঘটনার বিষয়ে কিছুই জানেন না বলে জানিয়েছেন। পুলিশ ঘটনার গুরুত্ব বিবেচনা করে দ্রুত তদন্ত প্রক্রিয়া সম্পন্ন করার চেষ্টা করছে।