পাউরুটি প্রেমীদের পকেটে টান! দেড় বছর পর একলাফে কতটা দাম বাড়ল জানেন?

সকালের প্রাতরাশ হোক বা দুপুরের টিফিন—বাঙালির ব্যস্ত জীবনের নিত্যদিনের প্রয়োজনীয় খাবারের তালিকায় পাউরুটি এক অপরিহার্য নাম। বাটার টোস্ট, সেঁকা পাউরুটি কিংবা হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রে রোগীদের পাতে থাকা দুধ পাউরুটি—সবকিছুর দামেই এবার পড়তে চলেছে টান। পাউরুটি প্রস্তুতকারী সংস্থাগুলির সংগঠন ‘ওয়েস্ট বেঙ্গল বেকার্স অ্যাসোসিয়েশন’-এর ঘোষণা অনুযায়ী, আজ থেকেই রাজ্যজুড়ে বাড়ছে পাউরুটির দাম।

কত বাড়ল দাম? সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রতি এক পাউন্ড পাউরুটিতে ৪ টাকা করে দাম বাড়ানো হয়েছে। এর ফলে এতদিন যে এক পাউন্ড পাউরুটির দাম ৩২ টাকা ছিল, তা আজ থেকে বেড়ে দাঁড়াচ্ছে ৩৬ টাকায়। পাশাপাশি, আধ পাউন্ড পাউরুটির দাম ১৬ টাকা থেকে বেড়ে হচ্ছে ১৮ টাকা। উল্লেখ্য, এর আগে প্রায় দেড় বছর আগে পাউরুটির দাম বাড়ানো হয়েছিল।

কেন এই দাম বৃদ্ধি? পাউরুটির মতো নিত্যপ্রয়োজনীয় খাবারের দাম বৃদ্ধি সাধারণ মানুষের পকেটে যে চাপ সৃষ্টি করবে, তা স্বীকার করেছে প্রস্তুতকারী সংগঠনও। তবে তাদের দাবি, বর্তমান পরিস্থিতিতে ব্যবসা টিকিয়ে রাখা একপ্রকার অসম্ভব হয়ে দাঁড়িয়েছিল, তাই বাধ্য হয়েই এই সিদ্ধান্ত নিতে হয়েছে।

ওয়েস্ট বেঙ্গল বেকার্স অ্যাসোসিয়েশনের চিফ এক্সিকিউটিভ আরিফুল ইসলাম এই বিষয়ে বিস্তারিত জানিয়ে বলেন, “কুইন্টাল প্রতি ময়দার দাম ৪০০ থেকে ৬০০ টাকা পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। পাশাপাশি চিনি, ভোজ্যতেল এবং ঘি-এর দামও একলাফে অনেকটাই বেড়েছে। শুধু তাই নয়, পাউরুটি মোড়ার প্লাস্টিক প্যাকেট এবং গায়ে লাগানোর স্টিকারের দামও প্রায় দ্বিগুণ হয়ে গেছে। আগে এক কেজি স্টিকারের দাম যেখানে ১৭০ থেকে ২০০ টাকা পড়ত, এখন তা বেড়ে দাঁড়িয়েছে ৩৫০ টাকায়। তৈরির উপকরণের এমন লাগামছাড়া ঊর্ধ্বগতির কারণেই বাধ্য হয়ে সমস্ত প্রস্তুতকারীদের সঙ্গে আলোচনা করে এই মূল্যবৃদ্ধির পথ বেছে নিতে হয়েছে।”

দেড় বছর বাদে পাউরুটির এই মূল্যবৃদ্ধি মধ্যবিত্ত ও সাধারণ মানুষের দৈনন্দিন খরচে যে কিছুটা হলেও প্রভাব ফেলবে, তা বলাই বাহুল্য।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *