বিহারে বজ্রপাতে মৃত্যুমিছিল, ৭২ ঘন্টায় প্রাণ গেল ২৫ জনের! কেমন থাকবে আগামী দিন গুলি?

বিহারে গত ৭২ ঘণ্টায় বজ্রপাতের কারণে মর্মান্তিক মৃত্যুমিছিল দেখা গেল। বৃহস্পতিবার মুখ্যমন্ত্রীর দফতর থেকে প্রকাশিত একটি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত দু’দিনে রাজ্যের নালন্দা জেলায় ১৮ জন প্রাণ হারিয়েছেন। এছাড়া সিওয়ান জেলায় দুজনের মৃত্যু হয়েছে। কাটিহার, দ্বারভাঙা সহ আরও পাঁচটি জেলায় একজন করে মোট ৫ জনের মৃত্যু হয়েছে। এই অপ্রত্যাশিত দুর্যোগে শোকের ছায়া নেমে এসেছে গোটা রাজ্যে।

মুখ্যমন্ত্রী নীতিশ কুমার এই ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন এবং মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। পাশাপাশি, তিনি প্রত্যেক মৃত ব্যক্তির পরিবারকে ৪ লক্ষ টাকা করে আর্থিক ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা করেছেন।

তবে, বিহারের এই ভয়াবহ পরিস্থিতির কারণ কোনো মহামারি নয়। আবহাওয়া দফতরের তথ্য অনুযায়ী, গত কয়েকদিন ধরে রাজ্যজুড়ে ব্যাপক ঝড়ো হাওয়া ও বৃষ্টিপাত হচ্ছে। সেই সঙ্গে বিভিন্ন এলাকায় ঘন ঘন বজ্রপাতও হচ্ছে। এই প্রাকৃতিক দুর্যোগের জেরেই এতগুলো মানুষের প্রাণহানি ঘটেছে। আবহাওয়া দফতর আরও জানিয়েছে, কোথাও কোথাও ঝড়-বৃষ্টির সঙ্গে শিলাবৃষ্টিও হয়েছে। আশঙ্কা করা হচ্ছে, আগামী পাঁচ দিন রাজ্যের আবহাওয়া পরিস্থিতি এমনই থাকতে পারে।

মঙ্গলবার থেকে বিহারে এই দুর্যোগপূর্ণ আবহাওয়ার শুরু। মঙ্গল ও বুধবারের হিসেব অনুযায়ী, বজ্রপাতে মৃতের সংখ্যা ছিল ১৯। বৃহস্পতিবার সেই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৫-এ।

এদিকে, এই দুর্যোগের প্রভাব সম্ভবত পার্শ্ববর্তী রাজ্য বাংলাতেও পড়তে পারে। বৃহস্পতিবার সকাল থেকেই কলকাতা ও দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় দফায় দফায় ঝড়ো হাওয়া বয়ে গেছে। কিছু এলাকায় বিক্ষিপ্ত বৃষ্টিপাতও দেখা গিয়েছে। সন্ধ্যায় আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, উত্তরবঙ্গের দিকে কালবৈশাখী ধেয়ে আসছে এবং এর প্রভাব রাজ্যের অন্যান্য অংশেও পড়তে পারে। রাজ্যবাসীকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে আবহাওয়া দফতর।