মে মাসের শুরুতেই টানা ছুটির লম্বা তালিকা! স্কুল-কলেজ নিয়ে বড় ঘোষণা, খুশিতে ডগমগ পড়ুয়ারা

দেখতে দেখতে দরজায় কড়া নাড়ছে মে মাস। আর মে মাস মানেই স্কুল-কলেজের পড়ুয়াদের কাছে কাঙ্ক্ষিত গরমের ছুটির মরসুম। তবে এবার শিক্ষা দপ্তর থেকে নির্দিষ্ট কোনো বিজ্ঞপ্তি জারি হওয়ার আগেই ছুটির এক লম্বা হিসেব সামনে আসছে। আবহাওয়া দপ্তরের চোখ রাঙানি আর ভোটের আবহ— এই দুইয়ের জাঁতাকলে পড়ে মে মাসের শুরু থেকেই কার্যত তালা ঝুলতে চলেছে রাজ্যের বহু শিক্ষা প্রতিষ্ঠানে।

১ মে থেকেই শুরু হচ্ছে ছুটির মেজাজ
সরকারি ক্যালেন্ডার অনুযায়ী, মে মাসের প্রথম দিন থেকেই টানা ছুটির সুযোগ পাচ্ছে পড়ুয়ারা। ১ মে (শুক্রবার) ‘মে দিবস’ উপলক্ষে সমস্ত স্কুল-কলেজ ও সরকারি প্রতিষ্ঠান বন্ধ থাকবে। এরপর ২ ও ৩ মে যথাক্রমে শনি ও রবিবার হওয়ায় স্বাভাবিকভাবেই ছুটি থাকছে। ফলে মাসের শুরুতেই টানা তিন দিনের ছুটি পকেটে পুড়ছে পড়ুয়ারা।

মাঝে কয়েকদিন ক্লাস, তারপর ফের ছুটি
মে মাসের প্রথম সপ্তাহ কাটতে না কাটতেই ফের আসছে উৎসবের আমেজ। ৮ মে (শুক্রবার) পঁচিশে বৈশাখ তথা রবীন্দ্রজয়ন্তী উপলক্ষে রাজ্যজুড়ে সমস্ত সরকারি ও সরকার পোষিত স্কুলে ছুটি ঘোষণা করা হয়েছে। এরপর ৯ ও ১০ মে যথাক্রমে শনি ও রবিবার হওয়ায় ফের তিন দিনের বড় ছুটি।

গরমের ছুটি নিয়ে বড় আপডেট
সূত্রের খবর, মে মাসের প্রথম সপ্তাহের শেষে অথবা দ্বিতীয় সপ্তাহের শুরুর দিকেই আনুষ্ঠানিকভাবে রাজ্যে ‘সামার ভ্যাকেশন’ বা গরমের ছুটি পড়ে যেতে পারে। যদি ১১ মে থেকেও গরমের ছুটি কার্যকর হয়, তবে দেখা যাচ্ছে মে মাসের প্রথম দশ দিনের মধ্যে মাত্র চার দিন স্কুল খোলা থাকছে।

ভোট ও গরমের জোড়া ধাক্কা
এ বছর গরমের ছুটির সময়সূচীতে কিছুটা রদবদল হতে পারে বলে মনে করা হচ্ছে। কারণ হিসেবে একদিকে রয়েছে তীব্র দাবদাহ এবং অন্যদিকে লোকসভা ভোটের ডিউটি ও বুথ তৈরি। অনেক স্কুলেই কেন্দ্রীয় বাহিনী থাকার সম্ভাবনা থাকায় পঠন-পাঠন আগেই বন্ধ হতে পারে। যদিও বিকাশ ভবন থেকে এখনো চূড়ান্ত নির্দেশিকা জারি করা হয়নি, তবে ক্যালেন্ডার বলছে আগামী মাসটি পড়ুয়াদের জন্য কেবলই ছুটির উৎসব নিয়ে আসছে।