বিয়ের মেনু নাকি ডায়েট চার্ট! কোনটি খেলে কতটা ক্যালোরি? নেটদুনিয়ায় ভাইরাল অদ্ভুত বিয়ের মেনু

বাঙালির বিয়ে মানেই এলাহি ভোজ। তেল-মশলার সুস্বাদু রান্না, মাংস-মিষ্টির অবাধ সমাহার – জিভে জল আনা এই খাবারগুলি স্বাদে অমৃত হলেও স্বাস্থ্য সচেতনদের জন্য বেশ চিন্তার কারণ। তবে সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি বিয়ের মেনু ভাইরাল হয়েছে, যা দেখে নেটিজেনরা হেসে লুটোপুটি খাচ্ছেন। কারণ? সেই মেনুতে প্রতিটি খাবারের পাশে লেখা রয়েছে তার ক্যালোরির পরিমাণ! এমনকি জলের পাশেও লেখা ‘জিরো ক্যালোরি’!
রেডিট-এ শেয়ার করা এই অনন্য মেনুটি পশ্চিমবঙ্গের একটি বিয়ের অনুষ্ঠানের। যেখানে অতিথিদের শুধু রসনাতৃপ্তির কথাই ভাবা হয়নি, বরং তাঁদের ফিটনেস নিয়েও মজাদার বার্তা দেওয়া হয়েছে।
মেনুতে অতিথিদের স্বাগত জানানোর পাশাপাশি লেখা হয়েছে, “এই উদযাপন সন্ধ্যায় চ্যারিটি হলে আপনাকে স্বাগত। আমরা এখানে ভালোবাসা উদযাপন করতে এসেছি। আমরা কোনও ৯০ ঘণ্টার কাজের এজেন্ডায় নেই। দয়া করে খাবার নষ্ট না করে রাতের খাবার উপভোগ করুন।” নিরামিষ ও আমিষ খাবারের জন্য আলাদা প্রতীক ব্যবহার করা হয়েছে, যাতে অতিথিদের কোনওরকম বিভ্রান্তি না হয়।
তবে সবচেয়ে নজরকাড়া বিষয় হল মেনুর একেবারে শেষের লেখাটি। সেখানে রসিকতার সুরে লেখা হয়েছে, “জিএসটি শূন্য কারণ আপনি স্টলে যা খেয়েছেন, আমরা আশা করি গেমগুলি খেলে আপনি তা পুড়িয়ে ফেলেছেন। রসিকতা বাদ দিন! আপনি হয়তো ভাবছেন আমরা ক্যালোরি সচেতন। তা নয়! কিন্তু সব কার্বোহাইড্রেট ধরে রাখা ভালো নয়। তাহলে, আসুন ডান্স ফ্লোরে যাই এবং কিছু ক্যালোরি পুড়িয়ে ফেলি।”
এই ফিটনেস-বান্ধব বিয়ের মেনুটি সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীদের মন জয় করে নিয়েছে। অনেকেই এটিকে ‘জিম প্রেমীদের স্বপ্নের মেনু’ বলে অভিহিত করছেন। কেউ মজা করে লিখেছেন, “মনে হচ্ছে এটি কোনও স্বাস্থ্য অ্যাপ ডেভেলপার দ্বারা ডিজাইন করা হয়েছে।” আরেক ব্যবহারকারীর মন্তব্য, “বাহ! এরকম মেনু দেখার পর, বিয়ের সময় নিজেকে নিয়ন্ত্রণ করা সহজ হবে।”
বিয়েবাড়ির এমন অভিনব মেনু একদিকে যেমন স্বাস্থ্য সচেতনদের জন্য মজার বার্তা বহন করছে, তেমনই আয়োজকদের সৃজনশীল চিন্তাভাবনারও পরিচয় দিচ্ছে। এখন দেখার, ভবিষ্যতে অন্যান্য বিয়েবাড়িতেও এমন ক্যালোরি-সচেতন মেনু দেখা যায় কিনা!