চাকরি বাতিলে রণংদেহি মেজাজে চাকরিহারারা, ৬০ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ বামেদের

চাকরি হারানোর প্রতিবাদে বুধবার সকাল থেকেই রাজ্যের বিভিন্ন জেলায় রণংদেহী মূর্তি ধারণ করেছেন চাকরিহারারা। কাঁথি থেকে বালুরঘাট, মেদিনীপুর, আসানসোল – সর্বত্রই ডিআই অফিসের সামনে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখাচ্ছেন তাঁরা। এবার এই আন্দোলনে নতুন মাত্রা যোগ করেছে বামফ্রন্ট। এদিন সকাল থেকেই বিডিও অফিস ঘেরাও করে তুমুল বিক্ষোভ দেখাচ্ছে সিপিএম। শুধু তাই নয়, জাতীয় সড়ক অবরোধের জেরে বাঁকুড়ার ওন্দায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে।

বামেদের মূল দাবি, অবিলম্বে ‘যোগ্য’ চাকরিহারাদের পুনর্বহাল করতে হবে। একইসঙ্গে চাকরি চুরির মূল পান্ডাদের গ্রেফতার করে দ্রুত জেলে ভরতে হবে। এই একগুচ্ছ দাবি নিয়ে এদিন বাঁকুড়ার ওন্দায় বিডিও অফিস ঘেরাও করে বিক্ষোভ প্রদর্শন করেন সিপিএম কর্মী-সমর্থকরা। এর পাশাপাশি, ৬০ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করেন বাম কর্মী-সমর্থকরা।

এদিন সকালে ওন্দায় সিপিএমের দলীয় কার্যালয় থেকে একটি বিশাল মিছিল শুরু হয়। মিছিলটি ওন্দা বাজারের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তা পরিক্রমা করে বিডিও অফিসের সামনে পৌঁছায়। তবে, বিডিও অফিসের কাছে পৌঁছানোর আগেই রাস্তায় ব্যারিকেড তৈরি করে বিক্ষোভকারীদের আটকানোর চেষ্টা করে পুলিশ। পুলিশের বাধার মুখে পড়ে সেখানেই বিক্ষোভ শুরু করে দেন সিপিএমের নেতা ও কর্মীরা। জাতীয় সড়ক অবরোধের জেরে যান চলাচল ব্যাহত হয় এবং উত্তেজনা ছড়ায়।

অন্যদিকে, রাজ্যের বিভিন্ন জেলায় ডিআই অফিসের সামনে চাকরিহারাদের বিক্ষোভের ঝাঁঝ ক্রমশ বাড়ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ইতিমধ্যেই মাঠে নেমেছে র‍্যাফ (RAF)। চাকরিহারাদের লাগাতার বিক্ষোভ এবং বামেদের জাতীয় সড়ক অবরোধের জেরে রাজ্যের বিভিন্ন প্রান্তে অচলাবস্থা তৈরি হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। বামেদের পক্ষ থেকে স্পষ্ট হুঁশিয়ারি দেওয়া হয়েছে, ‘যোগ্য’দের চাকরি ফেরত না দেওয়া পর্যন্ত এবং দুর্নীতিতে জড়িতদের গ্রেফতার না করা পর্যন্ত তাঁদের আন্দোলন চলবে। এই পরিস্থিতিতে রাজ্য সরকারের পক্ষ থেকে কী পদক্ষেপ নেওয়া হয়, সেদিকেই নজর থাকবে সকলের।

Saheli Saha
  • Saheli Saha