পুরোনো ভাবমূর্তি ঝেড়ে ফেলে এবার জেন জির মন জিততে চায় সরকারি ব্যাংক! অর্থমন্ত্রীর নতুন দাওয়াই কি বদলে দেবে ব্যাঙ্কিং দুনিয়া?

তরুণ প্রজন্মের কাছে সরকারি খাতের ব্যাঙ্কগুলোকে আরও আকর্ষণীয় ও আধুনিক করে তুলতে বিশেষ পরামর্শ দিলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। দুই দিনব্যাপী ‘পিএসবি কনফ্লুয়েন্স ২০২৬’-এর শেষ দিনে অর্থমন্ত্রী জানান, জেন জি (Gen Z) প্রজন্মের অনেকেই বেসরকারি ব্যাঙ্কগুলোকে বেশি পছন্দ করে, কারণ তারা সেগুলোকে আধুনিক বা ‘কুল’ মনে করে। এই ব্যবধান ঘুচিয়ে সরকারি ব্যাঙ্কগুলোরও উচিত তরুণদের সরাসরি চাহিদা বোঝা এবং তাদের আস্থার জায়গা তৈরি করা। তবে এর জন্য ব্যাঙ্কিং বিধিমালা বা নিরাপত্তার সঙ্গে কোনো আপস করা চলবে না বলে স্পষ্ট বার্তা দিয়েছেন তিনি।
তরুণদের ব্যাঙ্কিং ব্যবস্থার সঙ্গে যুক্ত করতে আগামী ২ অক্টোবর থেকে মাসব্যাপী ‘ব্যাংকিং ফর ইয়ুথ’ প্রচারাভিযান শুরু করার সুপারিশ করেছেন অর্থমন্ত্রী। ১৬ বছর বা তার বেশি বয়সীদের টার্গেট করে এই ক্যাম্পেইন পরিচালিত হবে। শুধু অ্যাকাউন্ট খোলা নয়, বরং কলেজ জীবন থেকে কর্মজীবন—সর্বত্র তরুণদের বিশ্বস্ত আর্থিক অংশীদার হয়ে উঠতে চায় সরকারি ব্যাঙ্কগুলো। এর জন্য ব্যাঙ্কগুলিকে শাখা বদলের পাশাপাশি কলেজ, বিশ্ববিদ্যালয় এবং দক্ষতা উন্নয়ন কেন্দ্রে গিয়ে সরাসরি তরুণদের সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে।
তরুণ প্রজন্মকে আকৃষ্ট করতে ব্যাঙ্কগুলোতে বিশেষ যুব কিয়স্ক এবং যুব ব্যাঙ্কিং মিত্র কাউন্টার খোলার প্রস্তাব দেওয়া হয়েছে। এর পাশাপাশি অনলাইন কোর্স, দক্ষতা প্রশিক্ষণ, ফিটনেস কুপন এবং মানসিক স্বাস্থ্য প্ল্যাটফর্মের মতো আকর্ষণীয় সুযোগ-সুবিধাও এর সঙ্গে যুক্ত থাকতে পারে। বিশেষ করে যারা নতুন ব্যবসা শুরু করতে চান, তাদের জন্য ক্রেডিট স্কোর, লোন এবং সরকারি ঋণ প্রকল্প সম্পর্কে সঠিক তথ্য দিয়ে সাহায্য করবে এই বিশেষ উদ্যোগ।