“আমার উদারতার সুযোগ নিয়েছে…,!”-কার উপর ক্ষোভ উগড়ে দিলেন অভিনেত্রী সৌমিতৃষা?

বাংলা টেলিভিশন ইন্ডাস্ট্রির অত্যন্ত পরিচিত মুখ সৌমিতৃষা কুণ্ডু। ছোট পর্দা থেকে শুরু করে বড় পর্দা এবং বর্তমানে ওটিটি প্ল্যাটফর্মেও নিজের পরিচিতি তৈরি করেছেন এই জনপ্রিয় অভিনেত্রী। গত বছর ‘কালরাত্রি’ ওয়েব সিরিজে মুখ্য চরিত্রে অভিনয় করে দর্শকদের প্রশংসা কুড়িয়েছেন তিনি। তবে সম্প্রতি তার সোশ্যাল মিডিয়ার একটি পোস্ট ঘিরে তৈরি হয়েছে রহস্য।
সৌমিতৃষা ইনস্টাগ্রামে একটি স্টোরি শেয়ার করেছেন, যেখানে লেখা রয়েছে, “আশা করি কর্মফল তারা সকলেই পাবে, যারা আমার উদারতার সুযোগ নিয়েছে। যারা আমার শান্তিকে বিঘ্নিত করেছে এবং যারা আমার সঙ্গে দুর্ব্যবহার করেছে, যখন আমার কোনও খারাপ উদ্দেশ্য ছিল না।” এই পোস্টের ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন, ‘রাধে রাধে…’। এই রহস্যময় পোস্টটি দেখার পর থেকেই নেটিজেনদের মনে প্রশ্ন জেগেছে, ঠিক কার উদ্দেশ্যে এই ক্ষোভ উগরে দিলেন সৌমিতৃষা? যদিও অভিনেত্রী এখনও পর্যন্ত এই বিষয়ে কোনো স্পষ্ট উত্তর দেননি।
বাংলা বিনোদন জগতে সৌমিতৃষা কুণ্ডু একটি পরিচিত নাম। ২০১৬ থেকে ২০১৮ সালে ‘এ আমার গুরুদক্ষিণা’ ধারাবাহিকে ঝিল্লি চরিত্রে অভিনয়ের মাধ্যমে তিনি ছোট পর্দায় আত্মপ্রকাশ করেন। এরপর ‘কনে বৌ’-এ মুখ্য চরিত্রে কলি সেনের ভূমিকায় অভিনয় করে তিনি দর্শকদের নজরে আসেন। তবে জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘মিঠাই’-এর মাধ্যমেই তিনি সাফল্যের শিখরে পৌঁছান এবং ঘরে ঘরে পরিচিত মুখ হয়ে ওঠেন।
‘মিঠাই’ শেষ হওয়ার পরই বড় পর্দায় অভিষেক ঘটে সৌমিতৃষার। দেব অভিনীত ‘প্রধান’ সিনেমায় দেবের স্ত্রীর চরিত্রে তাকে দেখা যায়। এরপর ‘১০-ই জুন’ ছবিতে সৌরভ দাসের বিপরীতেও কাজ করেছেন তিনি, যদিও পরবর্তীতে নির্মাতাদের সঙ্গে তার কিছু সমস্যা হয়েছিল। গত বছর ওটিটি প্ল্যাটফর্মে ‘কালরাত্রি’ ওয়েব সিরিজে কাজ করার পর, এই বছরই স্ট্রিমিং হওয়ার কথা রয়েছে ‘কালরাত্রি ২’।
সৌমিতৃষার এই রহস্যময় পোস্ট ঘিরে টলিপাড়াতেও কানাঘুষো শুরু হয়েছে। অনেকেই মনে করছেন, অভিনেত্রীর এই ক্ষোভ ইন্ডাস্ট্রির ভেতরের কোনো ঘটনা অথবা কোনো সহকর্মীর প্রতি হতে পারে। তবে আসল কারণ জানার জন্য অনুরাগীদের এখনও অপেক্ষা করতে হবে।