ঋণগ্রহীতাদের জন্য স্বস্তির খবর! রেপো রেট কমাল RBI, EMI কত গৃহঋণের?

ঋণগ্রহীতাদের জন্য ফের সুখবর শোনালেন রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার (RBI) গভর্নর সঞ্জয় মলহোত্রা। বুধবার মনিটারি পলিসি কমিটির (MPC) বৈঠকের পর রেপো রেট কমানোর ঘোষণা করলেন তিনি। এর ফলে গৃহঋণ সহ অন্যান্য ঋণের ক্ষেত্রে মাসিক কিস্তি (EMI) কমার সম্ভাবনা তৈরি হল এবং সাধারণ মানুষ কিছুটা আর্থিক স্বস্তি পেতে পারেন।

আজ আরবিআই গভর্নর জানিয়েছেন, রেপো রেট ২৫ বেসিস পয়েন্ট অর্থাৎ ০.২৫ শতাংশ কমানো হচ্ছে। এর ফলে নতুন রেপো রেট দাঁড়াল ৬ শতাংশে। এই পরিস্থিতিতে গ্রাহকদের মাসিক কিস্তি কতটা কমতে পারে, তা নিয়ে আলোচনা শুরু হয়েছে।

যদি কোনও গ্রাহক ৩০ বছরের মেয়াদের জন্য ৫০ লক্ষ টাকার গৃহঋণ নিয়ে থাকেন, তবে বর্তমানে গড়ে ৮.৭ শতাংশ সুদের হারে তাঁর মাসিক কিস্তি হতে পারে ৩৯,১৫৭ টাকা। আরবিআই রেপো রেট ২৫ বেসিস পয়েন্ট কমানোর ফলে গৃহঋণের সুদের হার ৮.৪৫ শতাংশে নেমে আসার সম্ভাবনা রয়েছে। সেক্ষেত্রে ওই গ্রাহককে প্রতি মাসে ৩৮,২৬৯ টাকা করে ইএমআই দিতে হবে। অর্থাৎ, মাসিক কিস্তিতে তিনি ৮৮৮ টাকা সাশ্রয় করতে পারবেন।

তবে, রেপো রেট কমার এই সিদ্ধান্তের ফলে ব্যাঙ্কগুলি ফিক্সড ডিপোজিটের (FD) সুদের হারও কমিয়ে দিতে পারে বলে আশঙ্কা তৈরি হয়েছে। তাই যারা বিনিয়োগের মাধ্যমে আর্থিক সুরক্ষা চান, তাঁরা ব্যাঙ্কগুলির সুদের হার পরিবর্তনের আগেই ফিক্সড ডিপোজিটে অর্থ রেখে ‘লক ইন’ করতে পারেন। বিভিন্ন মেয়াদের ফিক্সড ডিপোজিটে বিনিয়োগ করে সুদের হারে পতনের প্রভাব কিছুটা হলেও কমানো যেতে পারে। যাদের আগের থেকে ফিক্সড ডিপোজিটে নির্দিষ্ট সুদে অর্থ জমা আছে, তাঁদের এই মুহূর্তে কিছু করার প্রয়োজন নেই।

উল্লেখ্য, ২০২২ সালের এপ্রিল থেকে ২০২৩ সালের ফেব্রুয়ারি পর্যন্ত RBI ধাপে ধাপে রেপো রেট বাড়িয়েছিল। তবে ২০২৩ সালের ফেব্রুয়ারি থেকে টানা ১০ বার রেপো রেট অপরিবর্তিত রাখা হয়। এরপর ২০২৫ সালের ফেব্রুয়ারিতে RBI প্রথমবার রেপো রেট কমানোর ঘোষণা করে এবং এবার ফের সেই পথে হাঁটল কেন্দ্রীয় ব্যাঙ্ক। এই পদক্ষেপ মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে রাখার পাশাপাশি অর্থনীতিকে চাঙ্গা করতে সহায়ক হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।