রামনবমীর মিছিলে আপত্তি নেই, তবে ইতিহাস জানুন: প্রশ্ন তুললেন মুখ্যমন্ত্রী মমতা

নিয়ম মেনে মিছিল করলে কোনও আপত্তি নেই, এমনকি অস্ত্র নিয়ে শোভাযাত্রাতেও কোনও বাধা নেই। আগামী রবিবার রাজ্যে রামনবমীর মিছিল অনুষ্ঠিত হতে চলেছে, সেই বিষয়ে বুধবার এই মন্তব্য করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মিছিলের প্রস্তুতি তুঙ্গে এবং নিরাপত্তা সুনিশ্চিত করতে পুলিশকে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। পুলিশের সমস্ত ছুটি বাতিল করা হয়েছে। মুখ্যমন্ত্রীর স্পষ্ট বার্তা, শান্তিপূর্ণভাবে মিছিল অনুষ্ঠিত হলে কোনও সমস্যা নেই।
এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রামনবমী পালন নিয়ে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন তোলেন। তিনি বলেন, “শরতে যে দুর্গা পূজা হয়, যা রাম নিজে করেছিলেন বলে কথিত আছে, সেই সময় কেন রামনবমী পালন করা হয় না?” মমতা আরও বলেন, “ইতিহাসটা ভাল করে জানুন।”
মুখ্যমন্ত্রীর প্রশ্ন, “রাবণকে বধ করার জন্য রাম যে দুর্গাপূজা করেছিলেন, এখন আমরা সেই দুর্গাপূজাই করি। সেই পুজো তো রামচন্দ্র করেছিলেন, আমরা করিনি। সেটা কী রামনবমী নয়?”
নাম না করে বিজেপিকে উদ্দেশ্য করে মমতা বলেন, “অশান্তি করার চেষ্টা করবেন না। বাংলা সম্প্রীতির রাজ্য। আমরা রামকৃষ্ণকে মানব, বেদ-বেদান্ত মানব, কোনও রাজনৈতিক দলকে মানব না। সবাইকে শ্রদ্ধা করে এমন ধর্ম আমরা মেনে নেব।”
মুখ্যমন্ত্রী আরও বলেন, “ভাল কাজ করুন। মানবিক কাজ করুন। বাংলার মানুষ সম্প্রীতির জন্ম দেয়। আমরা রামকৃষ্ণ, বিবেকানন্দকে মানব। আমরা সব ধর্মকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি। যার যার মতো প্রোগ্রাম করতে দিন।”