বিশেষ: পৃথিবীতে কত মানুষ বাংলায় কথা বলেন? জেনেনিন বাংলা ভাষার আশ্চর্যজনক কিছু তথ্য

প্রতি বছর ২১ ফেব্রুয়ারি পালিত হয় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। এই দিনটি শুধুমাত্র ভাষার জন্য আত্মত্যাগের প্রতীক নয়, বরং বাঙালির আত্মপরিচয়েরও অংশ। ১৯৫২ সালে ভাষার দাবিতে জীবন উৎসর্গ করেছিলেন সালাম, রফিক, বরকত, জব্বারসহ আরও অনেকে। তাঁদের আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ ইউনেস্কো ১৯৯৯ সালে ২১ ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করে। এই বিশেষ দিনে চলুন জেনে নেওয়া যাক বাংলা ভাষার গর্ব করার মতো ১০টি গুরুত্বপূর্ণ তথ্য:

১. বিশ্বের অন্যতম জনপ্রিয় ভাষা বাংলা

বাংলা পৃথিবীর পঞ্চম বৃহত্তম মাতৃভাষা এবং সপ্তম সর্বাধিক ব্যবহৃত ভাষা। ২৫ কোটিরও বেশি মানুষ এই ভাষায় কথা বলেন।

২. ভারতীয় উপমহাদেশে বাংলা ভাষার বিস্তার

বাংলাদেশের সরকারি ভাষা বাংলা, পাশাপাশি ভারতের পশ্চিমবঙ্গ, ত্রিপুরা ও অসমের বরাক উপত্যকায় এটি অন্যতম প্রধান ভাষা।

৩. ভারতের দ্বিতীয় সর্বাধিক ব্যবহৃত ভাষা

ভারতে হিন্দির পরেই বাংলা দ্বিতীয় সর্বাধিক ব্যবহৃত ভাষা হিসেবে স্বীকৃত। পশ্চিমবঙ্গ, ত্রিপুরা এবং অসমের নির্দিষ্ট অঞ্চলে এটি সরকারি ভাষার মর্যাদা পেয়েছে। ২০১১ সাল থেকে ঝাড়খণ্ডেও বাংলা দ্বিতীয় সরকারি ভাষা হিসেবে গণ্য হচ্ছে।

৪. দ্রুত বিকাশমান ভাষা

২০১১ সালের জনগণনা অনুযায়ী, বাংলা ভাষা ভারতের চতুর্থ দ্রুততম বর্ধনশীল ভাষা, যা ভবিষ্যতে আরও জনপ্রিয় হয়ে উঠতে পারে।

৫. ‘ক্লাসিকাল ল্যাঙ্গুয়েজ’ এর মর্যাদা

২০২৪ সালের ৩ অক্টোবর ভারত সরকার বাংলা ভাষাকে ‘ক্লাসিকাল ল্যাঙ্গুয়েজ’ হিসেবে স্বীকৃতি দিয়েছে, যা ভাষার ঐতিহাসিক ও সাহিত্যিক গুরুত্বকে স্বীকার করে।

৬. আধুনিক বাংলা ভাষার বিকাশ

উনবিংশ ও বিংশ শতাব্দীতে কলকাতাকে কেন্দ্র করে আধুনিক বাংলা ভাষার রূপান্তর শুরু হয়। বর্তমানে পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের বাংলা ভাষার মূল ভিত্তি নদিয়া ও কুষ্টিয়া জেলার উপভাষা।

৭. পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের বাংলা

বাংলাদেশের বাংলা ও পশ্চিমবঙ্গের বাংলা কিছুটা আলাদা। যেমন, বাংলাদেশে ‘লবণ’ বলা হলেও পশ্চিমবঙ্গে বলা হয় ‘নুন’। আঞ্চলিক এই পার্থক্য বাংলা ভাষাকে আরও বৈচিত্র্যময় করেছে।

৮. ভাষার জন্য আত্মত্যাগ

বাংলা ভাষার জন্য ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি ঢাকায় বহু তরুণ শহিদ হন। তাঁদের আত্মত্যাগের স্মরণেই ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালিত হয়।

৯. সমৃদ্ধ সাহিত্য ও সংস্কৃতি

বাংলা সাহিত্য বিশ্বের অন্যতম সমৃদ্ধ সাহিত্যধারা। রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন প্রথম বাঙালি, যিনি সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছিলেন। কাজী নজরুল ইসলাম, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, জীবনানন্দ দাশের মতো লেখকরা বাংলা সাহিত্যকে সমৃদ্ধ করেছেন।

১০. বাংলার সুদীর্ঘ ইতিহাস

বাংলা ভাষার সাহিত্যকে তিন ভাগে বিভক্ত করা যায়—প্রাচীন (১০০০-১৩৫০), মধ্যযুগ (১৩৫০-১৮০০) এবং আধুনিক যুগ (১৯শ শতক থেকে বর্তমান)। বাংলা ভাষার এই দীর্ঘ ঐতিহ্য আজও বাঙালির গর্বের বিষয়।

বাংলা ভাষা শুধু একটি ভাষা নয়, এটি বাঙালির ইতিহাস, সংস্কৃতি ও আত্মপরিচয়ের প্রতীক। মাতৃভাষা দিবসে এই ভাষার গৌরবকে সম্মান জানানো আমাদের দায়িত্ব।