হারিয়ে যাওয়া ৩ বছরের শিশুকন্যা আজ ৩০ বছরের যুবতী! দীর্ঘ ২৭ বছর পর মায়ের বুকে ফেরার এই গল্প রূপকথাকেও হার মানাবে।

রূপকথার গল্পকেও হার মানায় এই বাস্তব জীবনযুদ্ধ। মেক্সিকো সিটির বিখ্যাত ‘বোস্কে দে চাপুলতেপেক’ পার্ক। আলো ঝলমলে এক দিনে পরিবার নিয়ে সেখানে বেড়াতে গিয়েছিলেন ছোট্ট হুয়ানা রামিরেজ। তখন তাঁর বয়স মাত্র তিন বছর। মা-বাবার হাত ধরে পার্কের চিড়িয়াখানা ঘুরে ফেরার পথেই ঘটে গেল এক অবিশ্বাস্য ও মর্মান্তিক ঘটনা—হাতের আঙুলটা এক মুহূর্তের জন্য ফসকে যেতেই ভিড়ের মাঝে চোখের পলকে হাওয়া হয়ে যায় ফুটফুটে শিশুটি!
অপহরণ ও ভিন শহরে নতুন পরিচয় অপহরণকারীরা শিশু হুয়ানাকে সোজা নিয়ে চলে যায় মেক্সিকোরই অন্য এক শহর তলুকাতে। সেখানে ছোট্ট মেয়েটিকে ভুল বুঝিয়ে বলা হয়, ১৯৯৫ সালের ১ অক্টোবর—যেদিন তাকে অপহরণ করা হয়েছিল, সেটাই নাকি তার আসল জন্মদিন! অথচ তাঁর আসল জন্মতারিখ ছিল ১৬ জুন। শুধু জন্মতারিখ বদল হওয়াই নয়, ছোট্ট হুয়ানার নাম পাল্টে রাখা হয় ‘রসিও’।
বছর গড়াতে থাকে। প্রতিবেশীদের মুখে নানা গুঞ্জন শুনে বড় হতে থাকা হুয়ানা একদিন সত্যতা জানতে চাইলে তাঁর পালক ‘মা’ দাবি করেন যে, পার্কের ভেতর একা ঘুরে বেড়ানোর সময় নাকি তাঁরা তাঁকে কুড়িয়ে পেয়েছিলেন! কিন্তু সেই পরিবারে আশ্রয়ের বদলে হুয়ানার ওপর নেমে এসেছিল অকথ্য নির্যাতনের খড়্গ। কোনোমতে দুঃসহ দিন কাটানোর পর মাত্র ১৭ বছর বয়সে বাড়ি থেকে পালিয়ে যান তিনি এবং পরবর্তী সময়ে বিয়েও করেন। এদিকে গত ২৪ বছর ধরে উন্মাদের মতো নিজের মেয়েকে খুঁজে বেড়িয়েছেন হুয়ানার জন্মদাত্রী মা লোরেনা রামিরেজ। কোনো সূত্র না পেলেও তিনি এক দিনের জন্যও মেয়ের সন্ধান পাওয়ার আশা ছাড়েননি।
ফেসবুকের ছবি বদলে দিল সব হিসেব অবশেষে দীর্ঘ অপেক্ষার অবসান ঘটাতে সাহায্য নেয় আধুনিক প্রযুক্তি ও সোশ্যাল মিডিয়া। ফেসবুকে নিজের ছোটবেলার একটি ছোট্ট ছবি আপলোড করেছিলেন হুয়ানা (রসিও)। ভাগ্যের কি নির্মম পরিহাস, নিখোঁজ হুয়ানার বোন মারিয়া হোসে-র চোখে পড়ে যায় সেই ছবি! ছবির সঙ্গে নিজের পরিবারের চেহারার অবিশ্বাস্য মিল দেখে আর চুপ থাকতে পারেননি তিনি।
সঙ্গে সঙ্গে হুয়ানার সঙ্গে যোগাযোগ করা হয় এবং শুরু হয় বৈজ্ঞানিক সত্যতা যাচাইয়ের পালা। ডিএনএ টেস্টে মিলে যায় ৯৯.৯৯ শতাংশ মিল! অবশেষে দীর্ঘ ২৭ বছরের যন্ত্রণার অবসান ঘটিয়ে ২০২২ সালে এক আবেগঘন পুনর্মিলন ঘটে মা ও মেয়ের। প্রিয় মেয়েকে বুকে জড়িয়ে ধরে মা লোরেনা কান্নাভেজা কণ্ঠে বলে ওঠেন, “আমি হারিয়েছিলাম এক তিন বছরের ছোট্ট মেয়েকে, আর ফিরে পেলাম ৩০ বছরের এক যুবতীকে। আমার মেয়ের জীবনের কত শত সুবর্ণ সময় ওরা কেড়ে নিয়েছে!”
অন্যদিকে, দীর্ঘ বছর পর জন্মদাত্রী মাকে দেখার সঙ্গে সঙ্গেই হুয়ানা তাঁকে জড়িয়ে ধরে বলে ওঠেন, “তুমিই আমার মা!” বর্তমানে হুয়ানা নিজে একজন বিবাহিত এবং এক সন্তানের জননী। অন্যদিকে, এই চাঞ্চল্যকর ও লোমহর্ষক ঘটনার নেপথ্যে থাকা অপহরণকারী সেই দম্পতিকেও শেষপর্যন্ত পাকড়াও করেছে মেক্সিকান পুলিশ।