“১৮ মাস ধরে আলাদা ছিলেন দুজন”-অবশেষে ঘর ভাঙল চাহাল-ধনশ্রীর

দীর্ঘদিন ধরেই ভারতীয় ক্রিকেটার যুজবেন্দ্র চাহাল এবং মডেল-নৃত্যশিল্পী ধনশ্রী বর্মার দাম্পত্যে ফাটল ধরার গুঞ্জন শোনা যাচ্ছিল। এবার সেই জল্পনায় পূর্ণচ্ছেদ টানলেন দুই তারকা। গত বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) মুম্বাইয়ের পারিবারিক আদালতে তাদের বিবাহ বিচ্ছেদ চূড়ান্ত হয়েছে।
ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, গত ১৮ মাস ধরে আলাদা থাকছিলেন চাহাল এবং ধনশ্রী। শেষমেশ আদালতের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে বিচ্ছেদে সম্মত হলেন তারা। বিচ্ছেদের আগে শেষবারের মতো ৪৫ মিনিট ধরে আলোচনা করার নির্দেশ দিয়েছিলেন বিচারক। তবে শেষমেশ নিজেদের সিদ্ধান্তেই অনড় থাকেন দুজনেই।
কেন ভাঙল চাহাল-ধনশ্রীর সংসার?
বিচ্ছেদের কারণ সম্পর্কে এই তারকা দম্পতি জানিয়েছেন, একে অপরের সঙ্গে মানিয়ে নিতে পারছিলেন না তারা। একসঙ্গে থাকার প্রয়াস চালিয়েও সফল হননি। তাই বিচ্ছেদের পথই বেছে নিলেন।
বিচ্ছেদের পর সামাজিক মাধ্যমে ঈশ্বরে বিশ্বাস রাখার বার্তা দিয়েছেন দুজনেই। চাহাল লিখেছেন, “ঈশ্বর আমাকে এতবার রক্ষা করেছেন যে আমি গুণে শেষ করতে পারি না। আমার না জানা কত বিপদ থেকে তিনি আমাকে আগলে রেখেছেন, তাই আমি ঈশ্বরকে ধন্যবাদ জানাই।”
ধনশ্রীও ইনস্টাগ্রামে লিখেছেন, “ঈশ্বর আমাদের দুঃখ-কষ্টকে আশীর্বাদে পরিণত করেন। সব কিছুই তিনি আমাদের মঙ্গলের জন্য করেন। তাই বিশ্বাস রাখলে শক্তি পাওয়া যায়।”
প্রসঙ্গত, ২০২০ সালে বিয়ে করেছিলেন চাহাল ও ধনশ্রী। বিয়ের পর একাধিকবার একসঙ্গে সামাজিক মাধ্যমে ছবি ও ভিডিও পোস্ট করতে দেখা গিয়েছিল তাদের। তবে গত বছর থেকেই তাদের সম্পর্কে টানাপোড়েনের গুঞ্জন শুরু হয়। অবশেষে আনুষ্ঠানিকভাবে তাদের চার বছরের দাম্পত্যের ইতি ঘটল।