“এখনকার প্রজন্ম ‘খিচুড়ি’ ভাষার মধ্যে বড় হয়েছে”- ভাষা দিবসে আর যা বললেন পরমব্রত

মাতৃভাষা দিবস উপলক্ষে ভারতীয় গণমাধ্যমে নানা প্রসঙ্গে কথা বললেন টালিউড অভিনেতা পরমব্রত চ্যাটার্জি। প্রকাশ করলেন নিজের ভাষার প্রতি ভালোবাসা, সঙ্গে করলেন খানিকটা আক্ষেপও।
বর্তমান প্রজন্মের কাছে বাংলা ভাষা সংকটে পড়েছে কি না, তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন পরমব্রত। অভিনেতার কথায়, ‘মাতৃভাষা দিবসে বারবার প্রশ্ন ওঠে বাংলা ভাষা সংকটে কি না? আমি বলব, প্রতিটি আঞ্চলিক ভাষাই কিন্তু সংকটে। প্রযুক্তির অগ্রগতির ফলে একাধিক ভাষা মিলিয়ে মিশিয়ে কথা বলার প্রবণতা বেড়েছে। এর ফলে প্রায় সব ভাষাই এখন সংকটে।’
পরমব্রত আরও বলেন, ‘মাতৃভাষা নিয়ে আমার একটা দৃঢ় বিশ্বাস আছে। মাতৃভাষা সঠিকভাবে বলতে না পারলে অন্য কোনো ভাষাই শেখা সম্ভব নয়। তবে বাংলা ভাষার সামনে বিরাট সংকট, এমনটাও আমি মনে করি না। কেউই আর বাংলা ভাষা শিখছে না, এমনও নয়। তবে ৯০-এর দশকের পর জন্ম নেওয়া প্রজন্ম প্রবলভাবে ‘খিচুড়ি’ ভাষার মধ্যে বড় হয়েছে।’
ইন্টারনেট ও ভাষার সংকট
পরমব্রত বলেন, ‘ইন্টারনেটের যুগে নানা ধরনের ভাষার প্রয়োগ দেখতে পাচ্ছি। যার ফলে মনে হয়, সব ভাষাই এখন সংকটে। অন্তর্জালে হয়ত অন্য ধরনের ভাষায় কথা বলায় স্বচ্ছন্দ মানুষ। কিন্তু লেখার ক্ষেত্রে বা সাহিত্য রচনার ক্ষেত্রে ভাষার সঠিক প্রয়োগ জরুরি। তার মানে এই নয়, সাধু ভাষায় লিখতে হবে। চলিত বাংলা ভাষায় লিখলেও, সেটায় যেন যত্ন থাকে।’
মাতৃভাষার গুরুত্ব ও পারিবারিক শিক্ষা
নিজের মাতৃভাষার প্রতি ভালোবাসা প্রকাশ করে এই অভিনেতা বলেন, ‘জাতিকে চিহ্নিত করার সবচেয়ে বড় নির্ধারক হল ভাষা। নিজের মাতৃভাষাটা জানা জরুরি। পশ্চিমবঙ্গের বাইরে থাকলে আমি স্বতঃস্ফূর্তভাবে হিন্দি ও ইংরেজিতে কথা বলি। কিন্তু নিজের ভাষাটাও আমি জানি।’
ভাষায় দক্ষতা বৃদ্ধির প্রসঙ্গে তিনি বলেন, ‘প্রত্যেক বাবা-মায়েরই নতুন প্রজন্মকে মাতৃভাষা শেখানো উচিত। বাঙালি বাবা-মা হিসেবে আমি ও পিয়া অবশ্যই চেষ্টা করব, প্রথম দিন থেকে যাতে বাংলা ভাষার সঙ্গে আমাদের সন্তানের যোগ তৈরি হয়। একই সঙ্গে সে যেন বিশ্বের অন্যান্য ভাষার সংযোগেও দক্ষ হয়ে ওঠে।’
পরমব্রতর এই বক্তব্য বাংলা ভাষার প্রতি তাঁর গভীর ভালোবাসার প্রকাশ এবং নতুন প্রজন্মের জন্য গুরুত্বপূর্ণ বার্তা হয়ে উঠেছে।