Recipe: শীতের মরসুমে ভাতের সাথে মেখে খান কমলা কাতলা, শিখেনিন রান্নার সেরা পদ্ধতি

প্রতিদিনের একঘেয়ে খাবারের রুটিনে একটু ভিন্নতা আনতে চাইলে, মাছের ঝোলেও একটা টুইস্ট দিতে পারেন। সাধারণ মাছের ঝোলের স্বাদে যদি কিছুটা পরিবর্তন আনা যায়, তবে তা হতে পারে কমলালেবু! কমলালেবুর স্বাদ মাছের ঝোলের সঙ্গে একেবারে মিলে যায় এবং তৈরি হয় এক নতুন স্বাদের রেসিপি—‘কাতলা কমলা’। বিশেষ করে কাতলা মাছের জন্য এটি একটি অত্যন্ত জনপ্রিয় এবং সুস্বাদু রেসিপি।
কী কী লাগবে?
৪-৫ টুকরো কাতলা মাছ
১ টেবিল চামচ হলুদগুঁড়ো
১ চা চামচ আদাবাটা
১ চা চামচ ধনেগুঁড়ো
স্বাদমতো নুন ও চিনি
১ কাপ কমলা লেবুর রস
আধ কাপ কমলালেবুর শাঁস
পরিমাণমতো সাদা তেল
১ টেবিল চামচ কর্নফ্লাওয়ার
আধ চা চামচ গোটা জিরে
১টি তেজপাতা
১টি শুকনো লঙ্কা
আধ চা চামচ গোটা গোলমরিচ
১টি এলাচ
১ টুকরো দারচিনি
প্রণালী:
১. প্রথমে কাতলা মাছগুলো নুন ও হলুদ দিয়ে মাখিয়ে হালকা ভেজে নিন।
২. একটি ছোট বাটিতে আদাবাটা, হলুদ, লঙ্কাগুঁড়ো, নুন, চিনি এবং জল মিশিয়ে একটি ঘন মিশ্রণ তৈরি করে রেখে দিন।
৩. এবার কড়াইয়ে গোটা মশলা (জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা, গোলমরিচ, এলাচ, দারচিনি) ফোড়ন দিয়ে মিশ্রণটি দিয়ে ভাল করে কষিয়ে নিন। এতে মশলার আসল গন্ধ বের হবে।
৪. মশলা থেকে তেল ছেড়ে এলে গরম জল ঢেলে দিন। ঝোল ফুটে উঠলে, ভেজে রাখা মাছগুলো দিয়ে দিন।
৫. এরপর ৫ মিনিট পর, মাছের ঝোলে কমলা লেবুর রস ও শাঁস দিয়ে দিন। সবশেষে, সামান্য কর্নফ্লাওয়ার জল দিয়ে ঝোলটা একটু ঘনিয়ে গ্যাস বন্ধ করে দিন।
এভাবেই তৈরি হবে দারুণ সুস্বাদু ‘কাতলা কমলা’। কমলালেবুর টক-খটাকা স্বাদ এবং মশলার সঙ্গে মিশে কাতলা মাছের ঝোল হয়ে উঠবে একেবারে অন্যরকম।
এটি বিশেষ করে আপনার অতিথিদের জন্য একটি নতুন রেসিপি হতে পারে, যেটি সবাই পছন্দ করবে। কমলালেবুর মরসুমও চলে যাচ্ছে, তাই আজই বানিয়ে ফেলুন এই রেসিপি এবং উপভোগ করুন এক নতুন ধরনের স্বাদ।