উচ্চ মাধ্যমিকের অ্যাডমিট কার্ড থেকে শুরু করে পরীক্ষার সময়সূচি, জেনেনিন সব এক নজরে

মাধ্যমিক পরীক্ষা ২০২৫ আসন্ন। আগামী ১০ই ফেব্রুয়ারি থেকে এই পরীক্ষা শুরু হতে চলেছে। এর মধ্যেই উচ্চ মাধ্যমিক পরীক্ষা ২০২৫-এর অ্যাডমিট কার্ড বিতরণের তারিখ ঘোষণা করেছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ।
উচ্চ মাধ্যমিক অ্যাডমিট কার্ড:
উচ্চ মাধ্যমিক ২০২৫-এর অ্যাডমিট কার্ড ৭ই ফেব্রুয়ারি থেকে পাওয়া যাবে। সকাল সাড়ে ১০টা থেকে ছাত্র-ছাত্রীরা তাদের নিজ নিজ স্কুল থেকে এই অ্যাডমিট কার্ড সংগ্রহ করতে পারবে।
উচ্চ মাধ্যমিক পরীক্ষার সময়সূচি ও পদ্ধতি:
চলতি বছর উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হবে ৩রা মার্চ থেকে এবং চলবে ১৮ই মার্চ পর্যন্ত।এই বছরই শেষবারের মতো বার্ষিক পদ্ধতিতে উচ্চ মাধ্যমিক পরীক্ষা অনুষ্ঠিত হবে।পরের শিক্ষাবর্ষ (২০২৬) থেকে উচ্চ মাধ্যমিক সেমিস্টার পদ্ধতিতে হবে। ২০২৪ সালে যারা মাধ্যমিক পাশ করেছে, তারা উচ্চ মাধ্যমিকে সেমিস্টার পদ্ধতিতে পরীক্ষা দেবে। ইতিমধ্যেই একাদশ শ্রেণীতে সেমিস্টার পদ্ধতি চালু হয়ে গেছে। সেমিস্টার পদ্ধতিতে মাল্টিপল চয়েস কোশ্চেন (MCQ) বা বহু বিকল্পভিত্তিক প্রশ্নের উপর জোর দেওয়া হবে।
উচ্চ মাধ্যমিক পরীক্ষা ৩ ঘণ্টা ধরে চলবে। পরীক্ষা সকাল ১০টায় শুরু হয়ে দুপুর ১টায় শেষ হবে। তবে, কিছু বিষয়ের ক্ষেত্রে পরীক্ষার সময় ভিন্ন হবে। যেমন—হেলথ অ্যান্ড ফিজিক্যাল এডুকেশন, ভিস্যুয়াল আর্টস, মিউজিক এবং বৃত্তিমূলক বিষয়ের পরীক্ষা ২ ঘণ্টা ধরে চলবে।
মাধ্যমিক অ্যাডমিট কার্ড:
অন্যদিকে, মাধ্যমিক পরীক্ষার অ্যাডমিট কার্ড বিতরণ ৩০শে জানুয়ারি থেকে শুরু হয়েছে। অ্যাডমিট কার্ডে যদি কোনো ভুল থাকে, তাহলে সংশ্লিষ্ট স্কুল কর্তৃপক্ষকে ৬ই ফেব্রুয়ারির মধ্যে মধ্যশিক্ষা পর্ষদের অফিসে গিয়ে লিখিত আবেদনের মাধ্যমে তা সংশোধন করতে হবে। অ্যাডমিট কার্ড সংশোধনের কোনো অনলাইন আবেদন গ্রহণ করা হবে না।