পরিবার বিয়েতে রাজি না হওয়ায় ট্রেনের সামনে ঝাঁপ? যুগলের মৃত্যু ঘিরে বাড়ছে রহস্য

শিয়ালদহ দক্ষিণ শাখার দেউলা রেল ব্রিজে এক যুগলের মৃত্যুর ঘটনা তীব্র চাঞ্চল্য সৃষ্টি করেছে। বৃহস্পতিবার সন্ধ্যায় এই মর্মান্তিক ঘটনা ঘটে। মৃত দুজনের নাম সাবির মোল্লা ও মরিয়ম খাতুন। দুজনেই উস্তি থানার নাজরা এলাকার বাসিন্দা এবং সম্প্রতি প্রেমের সম্পর্কে জড়িয়েছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যায় সাবির ও মরিয়ম স্টেশনে বসে ছিলেন। পরে তারা ধীরে ধীরে রেললাইনের দিকে এগিয়ে যান। কিছুক্ষণ পর একটি ট্রেন যাওয়ার পরে তাদের দেহ রেললাইনে পড়ে থাকতে দেখা যায়।
যুগলের মৃত্যুর কারণ এখনও অস্পষ্ট। আত্মহত্যা না দুর্ঘটনা, তা নিয়ে প্রশ্ন উঠছে। পুলিশ মামলা রেকর্ড করে তদন্ত শুরু করেছে।
মরিয়মের ব্যক্তিগত জীবনে কিছু জটিলতা ছিল। কয়েক বছর আগে তার বিয়ে হয়েছিল। কিন্তু স্বামীর সঙ্গে বনিবনা না হওয়ায় তিনি বাপের বাড়িতে ফিরে আসেন এবং পরে বিবাহ বিচ্ছেদ নেন। বিচ্ছেদের পর সাবিরের সঙ্গে তার ঘনিষ্ঠতা বাড়ে। তবে পারিবারিক বাধার কারণে তাদের বিয়ে হয়নি।
বারুইপুর রেল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং মৃতদেহ দুটি ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। পুলিশ সব দিক খতিয়ে দেখছে।