Adhaar Card-নিষ্ক্রিয় কেন? কেন্দ্রের জবাব তলব করলো হাই কোর্ট

কলকাতা হাইকোর্ট কেন্দ্রের কাছে জবাব তলব করেছে বাংলার বেশ কিছু বাসিন্দার আধার কার্ড কেন বাতিল করা হয়েছে তা নিয়ে। এক জনস্বার্থ মামলায় হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম এবং বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ নির্দেশ দিয়েছে যে আগামী তিন সপ্তাহের মধ্যে কেন্দ্র হলফনামার মাধ্যমে জানাবে।
সম্প্রতি পূর্ব বর্ধমানের জামালপুরে অনেকগুলি পরিবারের কাছে আধার কার্ড ডিঅ্যাক্টিভেশনের মেসেজ আসাকে কেন্দ্র করে বিতর্ক শুরু হয়। তারপরে দেখা যায়, রাজ্যের আরও বিভিন্ন জেলায় আধার নিষ্ক্রিয় করা হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়-সহ তৃণমূল নেতৃত্ব প্রতিবাদে সরব হন। ফের আধার সক্রিয় করার কথা জানান আধার কর্তৃপক্ষ।
কলকাতা হাইকোর্টে করা আবেদনে উল্লেখ করা হয়েছে, প্রায় এক হাজারের উপর আধার কার্ড নিষ্ক্রিয় হয়ে গিয়েছে। কেন এভাবে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে, তা নিয়ে প্রশ্ন তুলে জনস্বার্থ মামলাটি করেছে ‘জয়েন্ট ফোরাম এগেন্সট এনআরসি অ্যান্ড এএনআর’।
মামলায় অভিযোগ করা হয়েছে, কেন্দ্র থেকে আধার কার্ড নিয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। মামলাকারীর আর্জি, যাদের কার্ড নিষ্ক্রিয় হয়েছে তাদের অবিলম্বে বিষয়টি খোলসা করে জানানো হোক। মুখ্যমন্ত্রীর অফিস থেকেও যে এনিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দপ্তরে চিঠি পাঠানো হয়েছে, তা-ও উল্লেখ করা হয় মামলায়।