চোখধাঁধানো লুক আর রকেটের মতো স্পিড! বিএমডব্লিউ-এর নতুন ৭ সিরিজ ও আই৭ সেডানে কী কী চমক রয়েছে?

ভারতীয় লাক্সারি কার বাজারে অন্যতম জনপ্রিয় নাম বিএমডব্লিউ (BMW)। গাড়িপ্রেমীদের উত্তেজনা বাড়িয়ে এবার ভারতে লঞ্চ করা হলো তাদের অত্যন্ত প্রতীক্ষিত আপডেটেড ৭ সিরিজ (7 Series) এবং আই৭ প্রিমিয়াম সেডান (i7 Premium Sedan)। সম্পূর্ণ নতুন ডিজাইনের এই গাড়িগুলি পেট্রল এবং ইলেকট্রিক—উভয় ভ্যারিয়েন্টেই বাজারে আনা হয়েছে। যার মধ্যে রয়েছে অত্যন্ত শক্তিশালী আই৭ এম৭০ এক্সড্রাইভ (i7 M70 xDrive) মডেলটিও।
সবচেয়ে বড় কথা, এই সিরিজের প্রতিটি মডেল ভারতের চেন্নাই প্ল্যান্টেই স্থানীয়ভাবে অ্যাসেম্বল করা হবে। অর্থাৎ এই প্রথম জার্মানির বাইরে অন্য কোনো দেশে এই প্রিমিয়াম গাড়িগুলি তৈরি করছে বিএমডব্লিউ। নতুন এই ৭ সিরিজের গাড়িগুলির প্রারম্ভিক এক্স-শোরুম মূল্য শুরু হচ্ছে ১.৯৫ কোটি টাকা থেকে।
ইঞ্জিন ও ব্যাটারি পারফরম্যান্স: এই নতুন আপডেটে মোট তিনটি ভ্যারিয়েন্ট আনা হয়েছে। এর মধ্যে পেট্রল চালিত ৭৪০আই (740i)-তে রয়েছে ৩.০-লিটারের ছয় সিলিন্ডারের টার্বোপেট্রল ইঞ্জিন, যা ৪০০ এইচপি শক্তি এবং ৫৪০ এনএম টর্ক উৎপন্ন করতে সক্ষম। মাত্র ৫.৪ সেকেন্ডে এটি ০ থেকে ১০০ কিমি/ঘণ্টা গতি তুলতে পারে। অন্যদিকে, ইলেকট্রিক সংস্করণের আই৭ ইড্রাইভ ৫০ (i7 eDrive50) সিঙ্গেল চার্জে সর্বাধিক ৭২৮ কিলোমিটার এবং হাই-পারফরম্যান্স আই৭ এম৭০ এক্সড্রাইভ মডেলটি ৬৮০ এইচপি শক্তি ও ১,০১৫ এনএম টর্কসহ মাত্র ৩.৮ সেকেন্ডে ১০০ কিমি/ঘণ্টা গতি তুলে তাক লাগিয়ে দেয়। এছাড়া ফাস্ট চার্জিংয়ের মাধ্যমে মাত্র ১০ মিনিটের চার্জেই গাড়িটি ২৩৫ কিলোমিটার পর্যন্ত চলতে পারে।
আকর্ষণীয় ডিজাইন ও কেবিন: গাড়ির বাহ্যিক ডিজাইনে আনা হয়েছে আধুনিক ছোঁয়া। এতে রয়েছে বড় ইলুমিনেটেড কিডনি গ্রিল এবং সোয়ারোভস্কি গ্লাস (Swarovski glass) এলিমেন্টযুক্ত ক্রিস্টাল হেডলাইট। কেবিনের ভেতরে যুক্ত করা হয়েছে প্যানোরামিক আইড্রাইভ সিস্টেম, ১৭.৯ ইঞ্চির সেন্ট্রাল ডিসপ্লে এবং ফ্রন্ট প্যাসেঞ্জারের জন্য ১৪.৬ ইঞ্চির আলাদা স্ক্রিন। বিলাসবহুল ফিচার এবং দুর্দান্ত পারফরম্যান্সের মিশ্রণে তৈরি এই নতুন বিএমডব্লিউ মডেলগুলি যে ভারতীয় বাজারে বিরাট সাড়া ফেলবে, তা বলাই বাহুল্য।