সাবুদদানির আড়ালে চলছিল রমরমা কারবার! বিহারে পুলিশি হানায় ফাঁস হল এক বিশাল চক্র!

মাদক পাচারের এক অভিনব কায়দা দেখে চোখ কপালে উঠেছে খোদ পুলিশ প্রশাসনের। বিহারের পূর্ণিয়া জেলায় পুলিশি তল্লাশির সময় সাবুদদানির ভেতর অত্যন্ত সুচারুভাবে লুকিয়ে পাচার করা হচ্ছিল প্রায় ৫০ লক্ষ টাকার বহুমূল্য মাদক ‘স্ম্যাক’। গোপন খবরের ভিত্তিতে চালানো এই সফল অভিযানে পুলিশ এক কুখ্যাত পাচারকারীকে হাতেনাতে গ্রেফতার করেছে।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সূত্রে খবর পেয়ে সদর এসডিপিও অভিনব পরাসরের নেতৃত্বে একটি বিশেষ পুলিশ টিম পূর্ণিয়ার ফোর্ড কোম্পানি চক এলাকায় রুটিন চেকিং শুরু করে। সেই সময় সন্দেহজনকভাবে ঘোরাফেরা করা একটি টোটো থেকে এক যুবক পুলিশকে দেখে হঠাৎ পালানোর চেষ্টা করে। তার হাতে থাকা একটি গোলাপী রঙের ঝোলা তল্লাশি করতেই আসল রহস্য প্রকাশ্যে আসে। ঝোলার ভেতরে থাকা তিনটি সাবুদদানির মুখ খুলতেই দেখা যায়, সাবানের পরিবর্তে ভেতরে বিশেষ কায়দায় সাদা পলিথিনে মোড়ানো রয়েছে ৩০৬.৮৫ গ্রাম স্ম্যাক। যার বর্তমান বাজারমূল্য আনুমানিক প্রায় ৫০ লক্ষ টাকা।

গ্রেফতার হওয়া অভিযুক্তের নাম সৌরভ কুমার (৩০), বাড়ি পূর্ণিয়ার জালিকানগর থানা এলাকায়। প্রাথমিক তদন্তে জানা গেছে, এই মাদকের বড় চালানটি প্রতিবেশী রাজ্য পশ্চিমবঙ্গের মালদা জেলার কালিয়াচক থেকে সংগ্রহ করে পূর্ণিয়ার বিভিন্ন অঞ্ছলে সরবরাহের পরিকল্পনা করা হয়েছিল। ধৃত যুবকের এর আগেও অপরাধমূলক রেকর্ড রয়েছে এবং সে ইতিপূর্বে মদ মামলায় জেলও খেটেছে। বর্তমানে পুলিশ এই চক্রের মূল মাথা এবং এর সঙ্গে জড়িত অন্যান্য ডিলারদের খোঁজ পেতে জোরদার তদন্ত শুরু করেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *