Pujo 2026: পুজোর আগেই বিরাট ধাক্কা! আরসালান, নিজাম, সিমলা বিরিয়ানি সহ ৫০টি জনপ্রিয় রেস্তোরাঁর লাইসেন্স বাতিল

উৎসবের মরশুম ও পুজোর ঠিক আগে রাজ্যজুড়ে খাদ্য সুরক্ষা অভিযানকে আরও কড়া করল প্রশাসন। ছোট দোকান থেকে শুরু করে শহরের একাধিক জনপ্রিয় রেস্তোরাঁ—কারও পক্ষেই ছাড় মিলছে না। অস্বাস্থ্যকর পরিবেশ, পচা খাবার পরিবেশন এবং খাবারে ক্ষতিকর রাসায়নিক বা বিষাক্ত রং ব্যবহারের গুরুতর অভিযোগ ওঠার পর বড় পদক্ষেপ করা হয়েছে। কলকাতার পুর কমিশনারের কাছে জমা পড়া প্রাথমিক রিপোর্টের ভিত্তিতে ইতিমধ্যেই প্রায় ৫০টি রেস্তোরাঁর লাইসেন্স বাতিল করা হয়েছে এবং একাধিক হোটেলের বিক্রি বন্ধ করে দেওয়া হয়েছে।
কোন কোন নামী রেস্তোরাঁ রয়েছে তালিকায়? খাদ্য দফতরের নজরদারি ও প্রাথমিক রিপোর্টের ভিত্তিতে যে নামগুলি সামনে এসেছে, তা এককথায় তাক লাগিয়ে দেওয়ার মতো। এর আগে বারবিকিউ নেশন এবং চিনা পাড়ার বিগ বসের মতো নামী রেস্তোরাঁর বিরুদ্ধে পদক্ষেপ করা হলেও, এবার তালিকায় যুক্ত হয়েছে আরও একাধিক হেভিওয়েট নাম। যার মধ্যে রয়েছে নাগেরবাজারের ‘আরসালান’, বাইপাসের ধারের ‘সিমলা বিরিয়ানি’, রিপন স্ট্রিটের ‘করিমস’-এর মতো বিখ্যাত জায়গা এবং কলকাতা পুরনিগমের ঠিক পাশেই অবস্থিত ঐতিহ্যবাহী ‘নিজাম’-এর মতো রেস্তোরাঁও।
জনস্বাস্থ্যে জিরো টলারেন্স নীতি: প্রশাসন সূত্রে খবর, সাধারণ মানুষের স্বাস্থ্য নিয়ে ছিনিমিনি খেলা কোনোভাবেই বরদাস্ত করা হবে না। পুজোর আগে মানুষ যাতে সুস্থ ও নিরাপদ খাবার পেতে পারেন, সেই জন্যই এই লাগাতার অভিযান চালানো হচ্ছে। পুরকর্তাদের এই কঠোর পদক্ষেপে হোটেল ও রেস্তোরাঁ মহলে এখন থেকেই ব্যাপক চাঞ্চল্য ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে।