এক ভুয়ো শংসাপত্রেই ধ্বংস কেরিয়ার! বিশ্বকাপজয়ী রবি কুমার সহ ৬২ জনের বিরুদ্ধে কড়া পদক্ষেপ

ভারতীয় ক্রিকেটে ফের বড়সড় বয়স জালিয়াতির পর্দাফাঁস হলো। বয়স ভাঁড়ানোর গুরুতর অভিযোগে বাংলার তরুণ লেগ-স্পিনার রোহিত যাদবকে দু’বছরের জন্য নির্বাসিত করল ভারতীয় ক্রিকেট বোর্ড (BCCI)। শুধু রোহিতই নন, সিএবি-র কড়া পদক্ষেপে বয়স সংক্রান্ত অসঙ্গতির দায়ে আরও ৬১ জন ক্রিকেটারের বিরুদ্ধে নির্বাসনের খড়্গ নেমে এসেছে।

উত্তরপ্রদেশের বাসিন্দা হলেও রোহিত বর্তমানে বাংলার হয়ে ঘরোয়া ক্রিকেট খেলেন। সম্প্রতি শ্রীলঙ্কা সফরে ভারতের অনূর্ধ্ব-১৯ দলের হয়ে দুর্দান্ত পারফর্ম করার সুবাদে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আসন্ন সিরিজের দলেও জায়গা পেয়েছিলেন তিনি। কিন্তু সফরের সময় তাঁর নথিপত্র খতিয়ে দেখতে গিয়েই সামনে আসে এক চাঞ্চল্যকর তথ্য। বোর্ডের তদন্তে তাঁর নামে মোট তিনটি আলাদা জন্ম শংসাপত্র উদ্ধার হয়, যেখানে জন্মসাল হিসেবে যথাক্রমে ২০০৭, ২০০৯ এবং ২০১০ সাল উল্লেখ করা হয়েছে। শুধু তাই নয়, তাঁর সরকারি নথিতেও জন্মসাল বারবার পরিবর্তন করার প্রমাণ মিলেছে। এই গুরুতর অনিয়মের জেরে কড়া পদক্ষেপ করতে বাধ্য হয়েছে বিসিসিআই।

একইসঙ্গে ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (CAB) ২০২৬-২৭ এবং ২০২৭-২৮ মরসুমের জন্য মোট ৬২ জন ক্রিকেটারের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে। এই তালিকায় রয়েছে দেশের হয়ে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী দলের সদস্য বাঁ হাতি পেসার রবি কুমার এবং অলরাউন্ডার বিশাল ভাটির মতো নামও। নথিপত্র ও বয়সে গরমিল থাকায় তাদেরও ঘরোয়া ক্রিকেটে রেজিস্ট্রেশন বাতিল করা হয়েছে। রাজ্য ক্রিকেট সংস্থায় এ ধরনের দুর্নীতি বরদাস্ত করা হবে না বলেই স্পষ্ট করে দিয়েছে বোর্ড ও সিএবি।

Samrat Das
  • Samrat Das

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *