দাবার দুনিয়া কাঁপিয়ে হঠাৎ কেন এমন কথা বললেন ম্যাগনাস কার্লসেন? জল্পনা তুঙ্গে

দাবা খেলাকে এবার তাঁকে ছাড়াই ভাবতে শিখতে হবে। গ্লোবাল চেস লিগ বা জিসিএলে নামার আগে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ম্যাগনাস কার্লসেনের এই মন্তব্যে শোরগোল পড়ে গেছে বিশ্ব ক্রীড়া মহলে। দাবার থেকে এখনই অবশ্য সরে দাঁড়াচ্ছেন না ৩৫ বছর বয়সি এই নরওয়েজীয় তারকা, তবে তাঁর সাফ কথা, কেরিয়ারের অন্তিম লগ্নে পৌঁছে গিয়েছেন তিনি।
আধুনিক দাবার অবিসংবাদিত রাজা কার্লসেন ক্লাসিক্যাল ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ থেকে আগেই দূরে সরে দাঁড়িয়েছেন। এখন র্যাপিড দাবা এবং বেছে বেছে কিছু হাই-প্রোফাইল ইভেন্টেই তাঁকে দেখা যায়। গ্লোবাল চেস লিগের চতুর্থ মরসুমে নামার আগে আয়োজকদের উদ্দেশ্যে তিনি স্পষ্ট বার্তা দিয়েছেন, টুর্নামেন্টের ভবিষ্যত পরিকল্পনা যেন তাঁর ব্যক্তিগত পছন্দ বা ইচ্ছার ওপর ভিত্তি করে তৈরি না করা হয়। কারণ, তিনি আর খুব বেশি দিন এই মঞ্চে থাকছেন না।
গত ৫-৬ বছরে বিশ্বজুড়ে দাবার জনপ্রিয়তা বাড়লেও সঠিক ফর্ম্যাট খোঁজার প্রক্রিয়া এখনও চলছে বলে মনে করেন কার্লসেন। দ্রুত গতির ফর্ম্যাট এবং আসন্ন জিসিএল নিয়ে তিনি বেশ উত্তেজিত হলেও, নিজের সময় ফুরিয়ে আসার বিষয়টি নিয়ে খোলামেলা কথা বলেছেন। তাঁর এই মন্তব্যের পরই দাবার দুনিয়ায় তাঁকে ছাড়া আগামী দিনগুলোর পরিকল্পনা নিয়ে নতুন করে জল্পনা শুরু হয়েছে।