কৃষকদের ক্ষোভকে অস্ত্র করে রাজনৈতিক জমি ফেরানোর লড়াই! মুজফ্ফরনগর থেকে শুরু হচ্ছে কংগ্রেসের মেগা কর্মসূচি

০২৭ সালের উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক জমি শক্ত করতে বড় পদক্ষেপ করল কংগ্রেস। রাজ্যের খরাগ্রস্ত সাংগঠনিক কাঠামোগুলিকে চাঙ্গা করতে এবার কৃষকদের প্রধান অস্ত্র হিসেবে বেছে নিয়েছে হাত শিবির। আগামী ৭ সেপ্টেম্বর পশ্চিম উত্তরপ্রদেশের মুজফ্ফরনগর থেকে শুরু হতে চলেছে কংগ্রেসের মেগা ‘কিসান যাত্রা’। পশ্চিমাঞ্চল থেকে শুরু করে একেবারে পূর্ব উত্তরপ্রদেশ পর্যন্ত এই কর্মসূচি ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা রয়েছে দলের।

উত্তরপ্রদেশের রাজনৈতিক পটপরিবর্তনে কৃষক সমাজ সবসময়ই এক নির্ণায়ক ভূমিকা পালন করে এসেছে। তাই কৃষকদের দৈনন্দিন সমস্যাগুলিকে হাতিয়ার করে যোগী আদিত্যনাথের সরকারের বিরুদ্ধে তীব্র জনমত গড়ে তুলতে চাইছে কংগ্রেস। দলের কৃষক শাখা এই যাত্রার মূল এজেন্ডা হিসেবে ফসলের ন্যায্য দাম এবং ন্যূনতম সহায়ক মূল্য বা এমএসপি-র আইনি নিশ্চয়তার দাবিকে সামনে রাখছে। পাশাপাশি পশ্চিম উত্তরপ্রদেশের আখচাষিদের দীর্ঘদিনের বকেয়া পাওনা মেটানো, সার, বীজ, কীটনাশক ও বিদ্যুতের লাগাতার মূল্যবৃদ্ধির মতো জ্বলন্ত ইস্যুগুলিও জোড়ালোভাবে তুলে ধরা হবে। এছাড়া গো-বংশের কারণে ফসলের ক্ষতি এবং রাতের পর রাত জেগে খেত পাহারা দেওয়ার যন্ত্রণার মতো স্থানীয় সমস্যাগুলিও প্রচারের কেন্দ্রবিন্দুতে থাকবে।

শুধুমাত্র বড় সভা বা জমায়েতেই সীমাবদ্ধ থাকছে না কংগ্রেসের এই কর্মসূচি। দলের রণকৌশল অনুযায়ী, রাজ্যজুড়ে বিভিন্ন গ্রাম ও জনপদে ‘কিসান চৌপাল’ করা হবে, যেখানে কংগ্রেসের শীর্ষ নেতারা সরাসরি কৃষকদের দোরগোড়ায় পৌঁছে তাঁদের অভাব-অভিযোগ শুনবেন। এর মাধ্যমে একদিকে যেমন বিক্ষুব্ধ কৃষকদের একত্রিত করার পরিকল্পনা রয়েছে, তেমনই তৃণমূল স্তরে দলের ভেঙে পড়া সাংগঠনিক ভিত্তি পুনর্গঠন করতে চাইছে হাইকমান্ড।

দীর্ঘদিন ধরে উত্তরপ্রদেশের রাজনীতিতে কোণঠাসা অবস্থায় রয়েছে কংগ্রেস। ফলে আসন্ন বিধানসভা ভোটের বৈতরণী পার হতে এবার কৃষক এবং দলিত সম্প্রদায়কে ফোকাসে রেখে নতুন করে ময়দানে নামছে দল। ভোটের আনুষ্ঠানিক রণডঙ্কা বাজার আগেই কৃষি সংকটকে মূল রাজনৈতিক বিতর্কের কেন্দ্রে নিয়ে এসে বিজেপি সরকারকে চাণক্য নীতিতে ঘিরেই এখন মূল লক্ষ্য কংগ্রেস নেতৃত্বের।

Samrat Das
  • Samrat Das

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *