পাকিস্তানি সেনার কনভয়ে ভয়ঙ্কর হামলা! ২৫ জন জওয়ান খতমের দাবিতে কেঁপে উঠল বালোচিস্তান

বৃহস্পতিবার বালোচিস্তানে পাকিস্তানি সেনাবাহিনীর একটি কনভয়ের ওপর বড় ধরনের হামলা চালিয়েছে বালোচ লিবারেশন আর্মি (বিএলএ)। বিএলএ দাবি করেছে যে, এই রক্তক্ষয়ী হামলায় তাদের হাতে ২৫ জন পাকিস্তানি সেনা নিহত হয়েছেন এবং সেনাবাহিনীর দুটি গাড়ি পুড়িয়ে ছাই করে দেওয়া হয়েছে।

‘দ্য বালুচিস্তান পোস্ট’-এর প্রতিবেদন অনুযায়ী, বিএলএ-র একজন মুখপাত্র জানিয়েছেন যে তাঁদের সশস্ত্র যোদ্ধারা জিয়ারত ক্রসে পাকিস্তানি সেনার একটি কনভয় লক্ষ্য করে এই অতর্কিত হামলা চালায়। তারা সেনা কনভয়ের ওপর বৃষ্টির মতো গুলি চালিয়ে একটি সেনা ট্রাক-সহ দুটি গাড়ি সম্পূর্ণ ধ্বংস করে দেয়।

শুরুতে বিএলএ দাবি করেছিল যে এই হামলায় ১৮ জন পাকিস্তানি সেনা নিহত হয়েছেন, তবে পরবর্তী সময়ে মৃতের সংখ্যা সংশোধন করে ২৫ বলে জানানো হয়। শুধু দাবি করেই ক্ষান্ত থাকেনি বিদ্রোহী গোষ্ঠীটি, তারা তাদের আনুষ্ঠানিক মিডিয়া চ্যানেল ‘হাক্কাল’-এ জিয়ারত ক্রসের এই হামলার ১ মিনিট ১১ সেকেন্ডের একটি ভিডিও ট্রেলারও প্রকাশ্যে এনেছে। সেই ভিডিওয় সশস্ত্র যোদ্ধাদের জ্বলন্ত সামরিক গাড়ির পাশে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। পাশাপাশি কিছু মৃতদেহ ও আধুনিক অস্ত্রশস্ত্রও ফুটেজে ফুটিয়ে তোলা হয়েছে। বিএলএ জানিয়েছে, সম্পূর্ণ অপারেশনটির আসল ভিডিওটি তারা পরবর্তীতে প্রকাশ করবে।

এর পাশাপাশি অন্য একটি পৃথক ঘটনায়, বিএলএ-র স্পেশাল ট্যাকটিক্যাল অপারেশনস স্কোয়াড (এসটিওএস) সুরাবের হাজিকা এলাকায় দূর নিয়ন্ত্রিত বিস্ফোরক বোঝাই একটি গাড়ির বিস্ফোরণ ঘটিয়েছে। ওই হামলায় সেনাবাহিনীর আরও একটি গাড়ি ধ্বংস হয়েছে এবং অন্তত সাতজন সেনা নিহত হয়েছেন বলে দাবি করা হয়েছে।

তবে এই সমস্ত হামলায় পাকিস্তানের ২৫ জন নিরাপত্তা কর্মী নিহত হওয়ার বিষয়ে বিএলএ-র করা দাবিটি পাকিস্তান সেনাবাহিনী, দেশটির সরকার কিংবা কোনো নিরপেক্ষ আন্তর্জাতিক সূত্রের পক্ষ থেকে এখনও পর্যন্ত নিশ্চিত করা হয়নি। এর আগেও পাকিস্তানি নিরাপত্তা বাহিনীর ওপর চালানো বিভিন্ন হামলায় বিপুল সংখ্যক সেনা হতাহতের চাঞ্চল্যকর দাবি করেছিল এই বিদ্রোহী গোষ্ঠীটি।

উল্লেখ্য, খনিজ সম্পদে সমৃদ্ধ বালোচিস্তানে দীর্ঘদিন ধরেই পাকিস্তানি নিরাপত্তা বাহিনী এবং বিচ্ছিন্নতাবাদী সংগঠনগুলির মধ্যে তীব্র সংঘর্ষ চলে আসছে। বিএলএ-সহ একাধিক বালোচ গোষ্ঠী পাকিস্তান সরকারের বিরুদ্ধে বৃহত্তর স্বায়ত্তশাসন ও স্বাধীনতার দাবিতে সশস্ত্র আন্দোলন চালিয়ে যাচ্ছে। বালোচিস্তানের এই ধারাবাহিক অস্থিরতা ও রক্তক্ষয়ী সংঘাত পাকিস্তানের অভ্যন্তরীণ নিরাপত্তা ব্যবস্থার কাছে দীর্ঘকাল ধরেই একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *