ক্যাফের মেনু থেকে সোশাল মিডিয়ার ফিড—হঠাৎ কীভাবে বাঙালির ব্রেকফাস্টের রাজা হয়ে উঠল বিদেশি অ্যাভোকাডো?

একসময়ে ভারতীয়দের কাছে সম্পূর্ণ অচেনা একটি বিদেশি ফল ছিল অ্যাভোকাডো (Avocado)। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে দেশের খাদ্যাভ্যাস এবং কৃষির ছবিতে এসেছে এক বিরাট পরিবর্তন। অনলাইন ফুড ডেলিভারি থেকে শুরু করে অভিজাত ক্যাফের স্বাস্থ্যকর ব্রেকফাস্ট—সর্বত্রই এখন রাজত্ব করছে এই ফল। বিশেষ করে স্বাস্থ্যসচেতন মানুষ থেকে শুরু করে জেন-জি (Gen Z) প্রজন্মের কাছে অ্যাভোকাডো টোস্ট এখন ট্রেন্ডিং স্ন্যাক্স। আর এই ক্রমবর্ধমান জনপ্রিয়তার মাঝেই খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মুখে উঠে এল ভারতে এই ফল চাষের সাফল্যের গল্প।
প্রধানমন্ত্রীর রিলের কেন্দ্রে অন্ধ্রপ্রদেশের কৃষক:
সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির একটি ইনস্টাগ্রাম রিল সোশাল মিডিয়ায় ব্যাপক শোরগোল ফেলে দিয়েছে। ভিডিওটিতে দেশের বিভিন্ন প্রান্তে অ্যাভোকাডোর ক্রমবর্ধমান জনপ্রিয়তা এবং ভারতেই এর বাণিজ্যিক চাষের সম্ভাবনার কথা তুলে ধরেছেন প্রধানমন্ত্রী।
ওই ভিডিওতে অন্ধ্রপ্রদেশের এক প্রগতিশীল কৃষক কার্পা ভারদারাজের সাফল্যের কথা উল্লেখ করেছেন মোদি। বন্ধুর খামারে অ্যাভোকাডো দেখে উৎসাহিত হয়ে ওই কৃষক ইউটিউবের সাহায্য নিয়ে এই ফল চাষ শুরু করেন। বর্তমানে তাঁর খামার থেকেই উৎপাদিত হচ্ছে প্রায় চার টন অ্যাভোকাডো, যা তিনি সরাসরি স্থানীয় বাজারে সরবরাহ করছেন। শুধু তাই নয়, হ্যারিসন্স মালয়ালমের বাণিজ্যিকভাবে উৎপাদিত ‘Hass avocado’-র ফলনও এখন নজর কেড়েছে। ভারতের কিছু অঞ্চলের আবহাওয়া ক্যালিফোর্নিয়ার মতো হওয়ায় এখানেও এই বিশেষ প্রজাতির চাষ দ্রুত সম্প্রসারিত হচ্ছে।
জেন-জির ক্রেজ ও অ্যাভোকাডো টোস্ট:
শহুরে খাদ্যসংস্কৃতিতে অ্যাভোকাডো টোস্ট এখন অত্যন্ত জনপ্রিয়। টোস্ট করা পাউরুটির ওপর ম্যাস করা অ্যাভোকাডো, সঙ্গে চাট মশলা, পেঁয়াজ কুচি ও গোলমরিচ দিয়ে হালকা সেঁকে নিলেই তৈরি হয়ে যায় এই সুস্বাদু পদ। এর ওপর একটি পোচড এগ, চিলি ফ্লেক্স এবং সঙ্গে এক কাপ ব্ল্যাক কফি—সোশাল মিডিয়ার যুগে এর আকর্ষণই আলাদা। দেখতে সুন্দর হওয়া এবং ইনস্টাগ্রাম-ফেসবুকের জন্য আকর্ষণীয় লুকের কারণে জেন-জির প্রথম পছন্দ এটি।
অ্যাভোকাডোর জাদুকরী স্বাস্থ্যগুণ:
শুধুমাত্র স্বাদের জন্য নয়, অ্যাভোকাডোর রয়েছে একাধিক পুষ্টিগুণ যা চিকিৎসকদেরও নজর কেড়েছে:
ডায়াবেটিস নিয়ন্ত্রণে কার্যকরী: এটি নিয়মিত খেলে শরীরে ইনসুলিন উৎপাদনে সাহায্য করে, যা রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখতে বিশেষ ভূমিকা নেয়। টাইপ-২ ডায়াবেটিস রোগীদের জন্য এটি অত্যন্ত উপকারী।
হাড় মজবুত করে: অ্যাভোকাডোতে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম থাকায় এটি হাড়কে শক্তিশালী করে। এছাড়া এর অ্যান্টি-ইনফ্লেমেটরি উপাদানের কারণে জয়েন্টের ব্যথা, ফোলাভাব ও প্রদাহ থেকে স্বস্তি মেলে।
শহুরে ক্যাফের মেনু থেকে শুরু করে ভিনরাজ্যের কৃষকের খামার—অ্যাভোকাডোর এই জয়যাত্রা প্রমাণ করে যে ভারতের কৃষিক্ষেত্রে এক নতুন বিপ্লব শুরু হয়েছে, যা আগামী দিনে দেশের অর্থনীতিতেও বড় প্রভাব ফেলবে।