নিম্নচাপের জেরে আজই ভারী বৃষ্টির সতর্কতা! ভিজবে কোন কোন জেলা? জানুন আবহাওয়ার তাজা আপডেট

সেপ্টেম্বরের প্রথম দিনেই দক্ষিণবঙ্গের আবহাওয়ায় বড় ধরণের পরিবর্তনের পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর। আজ ১ সেপ্টেম্বর, সোমবার রাজ্যের অধিকাংশ জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শ্রাবণের রেশ কাটতে না কাটতেই ভাদ্রের শুরুতেও বৃষ্টির এই পূর্বাভাসে জনজীবনে স্বস্তি ফেরার পাশাপাশি নিচু এলাকায় জল জমার আশঙ্কাও তৈরি হয়েছে।

হাওয়া অফিসের সর্বশেষ বুলেটিন অনুযায়ী, আজ পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া এবং দক্ষিণ ২৪ পরগনার মতো জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির জোরালো সম্ভাবনা রয়েছে। বিশেষ করে উপকূলবর্তী ও জঙ্গলমহলের এই জেলাগুলিকে নিয়ে বাড়তি সতর্কতা জারি করা হয়েছে।

শুধু বৃষ্টিপাতই নয়, আবহাওয়া দফতরের পূর্বাভাস বলছে যে ১ সেপ্টেম্বর পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনার মতো উপকূলের জেলাগুলিতে বাতাসের গতিবেগ থাকতে পারে প্রতি ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার। এছাড়াও দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পাশাপাশি ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। প্রতিকূল এই আবহাওয়ার কথা মাথায় রেখে সাধারণ মানুষকে প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বেরোনোর সময় সতর্ক থাকার পরামর্শ দিয়েছে আবহাওয়া দফতর।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *