ডেডলাইন পার করে থানায় হাজিরা অভিষেকের! ক্যামাক স্ট্রিট কাণ্ডে শ্লীলতাহানি থেকে সরকারি কাজে বাধা—কী কী ধারায় মামলা?

নির্ধারিত দুপুর ১২টার সময়সীমা পার হওয়ার এক ঘণ্টা পর শেক্সপিয়র সরণী থানায় হাজিরা দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। ক্যামাক স্ট্রিট কাণ্ড এবং তাঁর বিরুদ্ধে রুজু হওয়া একাধিক গুরুতর মামলার জেরে এদিন থানায় হাজির হন তিনি। অভিষেক যখন থানার ভেতরে তদন্তকারীদের মুখোমুখি, তখন বাইরে তীব্র বিক্ষোভ দেখাতে শুরু করেন তৃণমূলের কর্মী-সমর্থকরা।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ক্যামাক স্ট্রিটে অভিষেকের অফিস চত্বরে বেআইনি বিলবোর্ড খোলাকে কেন্দ্র করে গত বৃহস্পতিবার তুলকালাম পরিস্থিতি তৈরি হয়েছিল। পুরসভা ও পুলিশকর্মীদের সঙ্গে ধস্তাধস্তিতে মহিলা পুলিশকর্মীরাও আহত হন এবং ধাক্কাধাক্কিতে বেশ কয়েকজন মাটিতে পড়ে যান। এই ঘটনার পরেই তৃণমূল নেতার বিরুদ্ধে একাধিক কঠোর ধারায় মামলা রুজু করা হয়।

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে যে ধারাগুলি রয়েছে:

মহিলা পুলিশ কর্মীর শ্লীলতাহানি

অশান্তি ছড়ানো

সরকারি কর্মীকে কাজে বাধা দেওয়া

বেআইনি সমাবেশ

পুলিশের করা এই অভিযুক্তের তালিকায় অভিষেক ছাড়াও নাম রয়েছে ডেরেক ও’ব্রায়েন এবং বৈশ্বানর চট্টোপাধ্যায়ের মতো হেভিওয়েট নেতাদের। তদন্তে নেমে একেবারে গোঁড়া থেকে জেরা শুরু করেছেন তদন্তকারী অফিসাররা। ৯ নম্বর ক্যামাক স্ট্রিটের ওই ফ্লোরটি কবে থেকে এবং কী শর্তে ভাড়া নেওয়া হয়েছিল, বাড়িওয়ালার সঙ্গে কী চুক্তি হয়েছিল—সেসব বিষয়ে সমস্ত নথি তলব করা হয়েছে। বাড়িওয়ালার করা জোরপূর্বক দখলের অভিযোগের বিপরীতে অভিষেকের শিবির কী আইনি নথি পেশ করে, এখন সেদিকেই নজর রয়েছে সকলের।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *