সন্ত্রাসবাদকে ‘কৌশলগত হাতিয়ার’ নয়! এসসিও মঞ্চ থেকে চিন-পাকিস্তানকে কড়া বার্তা প্রধানমন্ত্রী মোদীর

সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন তথা এসসিও-র মঞ্চ থেকে সন্ত্রাসবাদের বিরুদ্ধে চরম হুংকার ছাড়লেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কিরগিজ়স্তানের রাজধানী বিশকেকে অনুষ্ঠিত ২৬তম শীর্ষসম্মেলনে যোগ দিয়ে তিনি স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন, সন্ত্রাসবাদকে কোনোভাবেই ‘কৌশলগত হাতিয়ার’ হিসেবে ব্যবহার করা বরদাস্ত করা হবে না। একইসঙ্গে সন্ত্রাসবাদে অর্থ জোগান, জঙ্গি নিয়োগ এবং নিরাপদ আশ্রয়স্থলগুলির পুরো নেটওয়ার্ক ধ্বংস করতে বিশ্বনেতাদের একযোগে পদক্ষেপ করার জোরালো ডাক দিয়েছেন তিনি।
সোমবার শুরু হওয়া এই আন্তর্জাতিক সম্মেলনে প্রধানমন্ত্রী নিরাপত্তা, যোগাযোগ এবং সুযোগ—এই তিনটি মূল স্তম্ভের ওপর জোর দিয়ে একাধিক কৌশলগত প্রস্তাব পেশ করেন। পাশাপাশি, রাষ্ট্রের মদতপুষ্ট সন্ত্রাসবাদের তীব্র সমালোচনা করে তিনি বলেন, সন্ত্রাসের বিরুদ্ধে লড়াইয়ে কোনো ধরনের দ্বিচারিতা মেনে নেওয়া যায় না।
এদিনের ভাষণে আফগানিস্তানে শান্তি ও স্থিতিশীলতা ফেরানোর প্রসঙ্গও তুলে ধরেন প্রধানমন্ত্রী। তিনি জানান, আফগান জনগণের জন্য ভারতের মানবিক ও উন্নয়নমূলক সাহায্য আগামী দিনেও অব্যাহত থাকবে। পাশাপাশি, আঞ্চলিক সংঘাত যাতে বিশ্বব্যাপী জ্বালানি নিরাপত্তা এবং সরবরাহ ব্যবস্থায় প্রভাব না ফেলে, তার জন্য যুদ্ধ বা সংঘাতের পথ ছেড়ে কূটনীতি ও আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের পক্ষে সওয়াল করেছেন তিনি।
পাশাপাশি, মাদক পাচার এবং অন্যান্য সংগঠিত অপরাধ দমনে এসসিওভুক্ত দেশগুলির মধ্যে আরও গভীর সমন্বয় গড়ে তোলার উপর জোর দেওয়া হয়েছে। এছাড়া বাণিজ্যের আধুনিকীকরণ, লজিস্টিক নেটওয়ার্কের উন্নয়ন এবং যুব সমাজ, বিজ্ঞানী ও উদ্যোগপতিদের মধ্যে পারস্পরিক সম্পর্ক বাড়াতে বিভিন্ন ফোরামের মাধ্যমে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।