‘চিনা’ বলায় মুখের ওপর জবাব দিয়েছিল ছোট্ট টুইঙ্কল! এবার একরত্তিকে ভিডিও কল করে কী বললেন কেন্দ্রীয় মন্ত্রী?

‘চিনা’ বলে কটাক্ষ করায় যে একরত্তি শিশু সাহসিকতার সঙ্গে মুখের ওপর জবাব দিয়ে বুঝিয়ে দিয়েছিল সে ভারতীয়, সেই অদম্য মানসিকতার অধিকারিণী অরুণাচলের ছোট্ট মেয়ে টুইঙ্কল এবার খোদ কেন্দ্রীয় মন্ত্রীর নজর কাড়ল। খাস কেন্দ্রীয় মন্ত্রী কিরেণ রিজিজু ভিডিও কলে কথা বললেন ছোট্ট টিঙ্কলের সঙ্গে এবং স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন যে, আজ গোটা দেশ তাকে ভালোবাসে।
ঠিক কী হয়েছিল ভাইরাল সেই ঘটনায়?
সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা গিয়েছিল, কেউ এক জন টিঙ্কলকে উদ্দেশ্য করে প্রশ্ন করেছিল সে চিনা কি না? এই কথা শুনেই তীব্র ক্ষোভে ফেটে পড়েছিল সে। হিন্দিতে কড়া ভাষায় সে জবাব দিয়ে বলেছিল, “আমরা ভারতীয়। তোমরা আমাদের চিনা বললে আমাদের খুব রাগ হয়, দুঃখ হয়। আমাদের ভারতীয় বলো। আমরা ইটানগরে থাকি।”
উত্তর-পূর্ব ভারতের মানুষকে বহু দিন ধরেই মূলস্রোতের একাংশের এই ধরনের বর্ণবিদ্বেষী ও অবমাননাকর মন্তব্যের শিকার হতে হয়। কিন্তু সেই অন্যায়ের বিরুদ্ধে একরত্তি টিঙ্কল যেভাবে বুক চিতিয়ে রুখে দাঁড়িয়েছিল, তার সাহসিকতা এক লহমায় গোটা দেশের মন জয় করে নেয়। ইনস্টাগ্রাম ও এক্স হ্যান্ডেলে দাবানলের মতো ছড়িয়ে পড়ে সেই ভিডিও।
কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গে বিশেষ কথোপকথন
সম্প্রতি একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের অনুষ্ঠানে ভিডিও কলের মাধ্যমে টিঙ্কলের সঙ্গে পরিচয় করানো হয় কেন্দ্রীয় সংসদ বিষয়ক মন্ত্রী কিরেণ রিজিজুর। ইংরেজি ও হিন্দিতে ছোট্ট মেয়েটির সঙ্গে কথা বলেন মন্ত্রী। ভিডিও কলে অত্যন্ত স্নেহভরে টিঙ্কলের বাবা-মায়ের খোঁজখবর নেন তিনি।
মন্ত্রীকে বলতে শোনা যায়, “তোমার মা কোথায়, আমাকে ওনার ছবি দেখাও? তোমার বাবা কোথায়?” যদিও ছোট্ট টিঙ্কল মন্ত্রীর অনেক কথাই বুঝতে না পেরে বেশিরভাগ সময় চুপচাপই ছিল। কথোপকথনের শেষে রিজিজু হাসিমুখে টিঙ্কলকে বলেন, তার মাকে গিয়ে যেন সে বলে যে ‘রিজিজু আঙ্কল’ তাকে ফোন করেছিলেন। একই সঙ্গে তাকে যারা চিনা বলে উত্যক্ত করেছিল, সে বিষয়েও খোঁজ নেন মন্ত্রী। টিঙ্কলের সাহসিকতার প্রশংসা করে মন্ত্রী তাকে আশ্বস্ত করেন যে, আজ শুধু ইটানগর নয়, বরং গোটা ভারতবর্ষ তাকে ভালোবাসে এবং সে এখন বেশ বিখ্যাত।