লাল শাড়িতে অপরূপ রূপ হবু মায়ের! সোহিনী সরকারের সাধের অনুষ্ঠানে রইল জমজমাট মেনুর তালিকা

জীবনের এক অত্যন্ত সুন্দর ও নতুন অধ্যায়ের মধ্যে দিয়ে যাচ্ছেন জনপ্রিয় অভিনেত্রী সোহিনী সরকার। গত বিবাহবার্ষিকীর দিনই অনুরাগীদের সঙ্গে মা হওয়ার সুখবর ভাগ করে নিয়েছিলেন তিনি ও গায়ক শোভন গঙ্গোপাধ্যায়। আর এবার শ্বশুরবাড়ির উদ্যোগে মহাসমারোহে সম্পন্ন হল অভিনেত্রীর সাধের অনুষ্ঠান। হবু মায়ের মুখের গ্লো এবং তাঁর মিষ্টি সাজ ইতিমধ্যেই মন কেড়েছে নেটিজেনদের।
এদিন সাধের অনুষ্ঠানে সনাতনী লাল শাড়িতে সেজেছিলেন সোহিনী। পরনে ছিল ভরপুর সোনার গয়না, খোলা চুল আর কপালে সুন্দর কলকার ছোঁয়া। মা হওয়ার আনন্দের উজ্জ্বল্য যেন স্পষ্ট ফুটে উঠছিল তাঁর চোখ-মুখে। ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা গেছে, শাক দিয়ে ভাত মেখে মুখে দিয়ে তিনি তা ‘সুস্বাদু’ বলায় পরিবারের বড় কেউ তাঁকে বকা দেন যে শাক সুস্বাদু বলতে নেই। কথাটি শুনেই সঙ্গে সঙ্গে জিভ কেটে ফেলেন হবু মা, যা নেটিজেনদের বেশ নজর কেড়েছে।
সোহিনীর এই বিশেষ দিনের মেনুতেও ছিল এলাহি আয়োজন। হবু মায়ের পাতে ভাত, ডাল, নানা রকমের ভাজা যেমন— পটল, বেগুন, আলু ও লাল শাক ভাজা ছাড়াও ছিল সুস্বাদু শুক্তো, ফিশ ব্যাটার ফ্রাই, সর্ষে ইলিশ এবং মাছের মাথা দিয়ে তৈরি বিশেষ পদ। এখানেই শেষ নয়, শেষপাতে পায়েস ও বিভিন্ন রকমের মিষ্টির ব্যবস্থাও করা হয়েছিল।
এর আগে এক সাক্ষাৎকারে সোহিনী জানিয়েছিলেন, বর শোভন থেকে শুরু করে পরিবারের প্রত্যেকেই তাঁকে অসম্ভব যত্নে রাখছেন। সবার এই মনোযোগ তিনি দারুণভাবে উপভোগ করছেন বলেও জানান। এমনকি শোভনও তাঁর সব কথা অক্ষরে অক্ষরে মেনে চলছেন এবং তাঁদের মধ্যে কোনো ঝগড়া হচ্ছে না বলেও হাসিমুখে জানান অভিনেত্রী।
উল্লেখ্য, ২০২৪ সালের ১৫ জুলাই কলকাতার একটি ফার্মহাউসে আইনি মতে বিয়ে করেন শোভন ও সোহিনী। ২০২৩ সালে একটি অনুষ্ঠানে কাছাকাছি আসার পর ২০২৪ সালের শুরুতে সুইডেন সফরে গিয়ে আংটি বদল করেছিলেন তাঁরা। বর্তমানে মা হওয়ার এই নতুন যাত্রাকে দারুণভাবে উপভোগ করার পাশাপাশি গর্ভাবস্থাতেও পুরোদমে কাজ চালিয়ে যাচ্ছেন অভিনেত্রী। ‘বহুরূপী’ ও ‘অজেয়া’র মতো কাজের শ্যুটিংও তিনি সামলেছেন দক্ষতার সঙ্গে। আপাতত নতুন অতিথিকে বরণ করে নেওয়ার অপেক্ষায় দিন গুনছেন এই তারকা দম্পতি।