লর্ডসের ব্যালকনিতে সৌরভের ঐতিহাসিক স্মৃতির রোমন্থন! বিশেষ ক্ষমতাসম্পন্ন দলের কীর্তিতে শোরগোল ক্রিকেট বিশ্বে

লর্ডস ক্রিকেট গ্রাউন্ড মানেই কেবল একটি মাঠ নয়, এটি বিশ্ব ক্রিকেটের ইতিহাস ও আবেগের এক পবিত্র আঁতুড়ঘর। আর ভারতীয় ক্রিকেটপ্রেমীদের কাছে লর্ডসের নাম উচ্চারিত হলেই চোখের সামনে ভেসে ওঠে ২০০২ সালের সেই অবিস্মরণীয় দৃশ্য। ন্যাটওয়েস্ট ট্রফি জয়ের পর লর্ডসের ঐতিহাসিক বারান্দায় তৎকালীন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়ের সেই জার্সি উড়িয়ে উল্লাস করার মুহূর্ত আজও ক্রিকেটপ্রেমীদের মনে তাজা। ঠিক ২৪ বছর পর, সেই একই ঐতিহাসিক বারান্দায় আবার ফিরল সেই আবেগ, উন্মাদনা ও শিহরণ জাগানো দৃশ্য। তবে এবার সেই ইতিহাসের পুনরাবৃত্তি ঘটাল ভারতের মিক্সড ডিসেবিলিটি বা বিশেষ ক্ষমতাসম্পন্ন ক্রিকেট দল।
লর্ডসের বাইশ গজে অভাবনীয় জয়
‘ফেস্টিকেভ অব ডিসেবিলিটি ক্রিকেট’-এর অংশ হিসেবে লর্ডসে অনুষ্ঠিত সিরিজের সপ্তম ও শেষ টি-টোয়েন্টি ম্যাচে আয়োজক ইংল্যান্ডকে ১১৮ রানের বিশাল ব্যবধানে গুঁড়িয়ে দিয়েছে ভারতীয় দল। যদিও ৭ ম্যাচের এই রোমাঞ্চকর সিরিজটি ৪-৩ ব্যবধানে জিতেছে ইংল্যান্ড, তবে সিরিজের শেষ ম্যাচে লর্ডসের মাটিতে ভারতীয় দলের এই পারফরম্যান্স ছিল এককথায় অভাবনীয় ও ঐতিহাসিক।
টসে হেরে আগে ব্যাটিং করতে নেমে ভারতীয় ব্যাটাররা রানের পাহাড় গড়েন। সিরিজের নিজেদের সর্বোচ্চ স্কোর গড়ে দল নির্ধারিত ওভারে ৪ উইকেটে তোলে ২০৬ রান। দলের পক্ষে অর্জুন গাওরে ৪৪ বলে ৬৮ রান, অধিনায়ক মজিদ মাগ্রে মাত্র ১৯ বলে অপরাজিত ৬৩ রান এবং ওপেনার সাই আকাশ ৩৮ বলে ৪৮ রানের বিধ্বংসী ইনিংস খেলেন।
জয়ের জন্য ২০৭ রানের পাহাড়প্রমাণ লক্ষ্য তাড়া করতে নেমে ভারতীয় বোলারদের বিধ্বংসী বোলিংয়ের সামনে লন্ডভন্ড হয়ে যায় ইংলিশ ব্যাটিং লাইনআপ। হিলাল আহমেদ ওয়ানির ২১ রানে ৪ উইকেট এবং জয়েশ পারমারের ১৪ রানে ৩ উইকেটের ওপর ভর করে মাত্র ১৩.৪ ওভারে মাত্র ৮৮ রানেই গুটিয়ে যায় ইংল্যান্ড।
ম্যাচ ছাপিয়ে খবরের শিরোনামে লর্ডসের ব্যালকনি সেলিব্রেশন
ম্যাচের ফলাফল ছাপিয়ে সবথেকে বেশি চর্চার কেন্দ্রবিন্দুতে চলে আসে ম্যাচ-পরবর্তী উৎসব। জয়ের ঠিক পরপরই ভারতের খেলোয়াড় ও সাপোর্ট স্টাফরা চলে যান লর্ডসের প্রেসিডেন্সিয়াল ব্যালকনিতে। সেখানে গায়ের ব্লেজার ও শার্ট খুলে শূন্যে উড়িয়ে তাঁরা মেতে ওঠেন বাঁধভাঙা উল্লাসে। মুহূর্তেই পুরো ক্রিকেটবিশ্বের চোখের সামনে ভেসে ওঠে ২০০২ সালে সৌরভ গঙ্গোপাধ্যায়ের সেই বুকখোলা ঐতিহাসিক উদযাপনের স্মৃতি।
ডিফারেন্টলি অ্যাবল্ড ক্রিকেট কাউন্সিল অব ইন্ডিয়া (DCCI) সোশ্যাল মিডিয়ায় এই আবেগঘন মুহূর্তের ভিডিও শেয়ার করে লিখেছে, “লর্ডসের ব্যালকনিতে ক্রিকেটের বিশুদ্ধ আনন্দের মুহূর্ত, কোট খোলা, তুঙ্গে থাকা মনোবল আর গর্বের সাথে উড়তে থাকা তেরঙ্গা।” ক্রিকেট বিশেষজ্ঞদের মতে, এই অভিনব উদযাপনের মধ্য দিয়ে জয়ের আনন্দের পাশাপাশি ফুটে উঠেছে ভারতীয় দলের অদম্য সংকল্প, লড়াইয়ের মানসিকতা এবং দেশের জন্য চরম আত্মবিশ্বাসের বার্তা।