ভিক্ষে নয়, এবার সোজা বিচার ছিনিয়ে নেবে তিলোত্তমা! ধারাবাহিকের নতুন মোড়ে বড় চমক

স্টার জলসায় সবেমাত্র শুরু হয়েছে নতুন মেগা ধারাবাহিক ‘তিলোত্তমা’। তবে অল্পদিনেই নিজের গল্প ও অভিনয়ের জাদুতে দর্শকের নজর কেড়েছে এই ধারাবাহিকটি। বোন তিলোত্তমার সঙ্গে হওয়া অন্যায়ের প্রতিবাদে এবার আর করুণা ভিক্ষা করবে না তমসা, বরং নিজের লড়াই নিজেই লড়তে এবং জাস্টিস ছিনিয়ে নিতে প্রস্তুত সে। সবার চোখে ধুলো দিয়ে সে এবার কী কাণ্ড ঘটাতে চলেছে, সেই নিয়েই জমে উঠেছে ধারাবাহিকের মূল গল্প।
সম্প্রতি চ্যানেল কর্তৃপক্ষের তরফে ‘তিলোত্তমা’ ধারাবাহিকের একটি টানটান উত্তেজনার নতুন প্রোমো প্রকাশ্যে আনা হয়েছে। সেখানে দেখা যাচ্ছে, হাসপাতালের করিডোরের মধ্যে দিয়ে হেঁটে যাচ্ছেন প্রতাপ। তখনই তাঁর কানে ভেসে আসে তিলোত্তমার কণ্ঠস্বর। পিছু ফিরে কাউকে দেখতে না পেলেও তিনি বুঝতে পারেন তাঁর পিছনেই কেউ লোহার রড হাতে হেঁটে আসছে। এরপরই প্রতাপের সামনে হাজির হয় রক্তাক্ত তিলোত্তমা। প্রতাপকে চমকে দিয়ে নায়িকা সাফ জানিয়ে দেয়, সে নিজেই প্রতাপের সমস্ত অপরাধ তাঁর মুখ দিয়ে স্বীকার করাবে।
এদিকে রক্তাক্ত তিলোত্তমাকে দেখে ভয়ানক ঘাবড়ে গিয়ে প্রতাপ সঙ্গে সঙ্গে নায়িকার শ্বশুরবাড়িতে ফোন করে খোঁজ নেন সে বাড়িতে রয়েছে কি না। অন্যদিকে দেখা যায়, তিলোত্তমা বাড়িতে বসে অত্যন্ত শান্তভাবে পুজো দিচ্ছেন। কিন্তু হাসপাতালের সেই দৃশ্য স্পষ্ট করে দেয় যে তিনি ঠিকই প্রতাপকে ঘায়েল করে এসেছেন। ভিক্ষে নয়, এবার সরাসরি বিচার ছিনিয়ে নেওয়াই তাঁর মূল লক্ষ্য। আগামী দিনে প্রতাপ কি নিজের মুখে অপরাধ স্বীকার করবে, নাকি এই ঘটনার জেরে অন্য কেউ ফেঁসে যাবে, সেটাই এখন দেখার অপেক্ষা।
উল্লেখ্য, স্নেহাশিষ চক্রবর্তীর প্রযোজনা সংস্থা ব্লুজের ব্যানারে তৈরি হয়েছে এই ধারাবাহিকটি। এতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন জনপ্রিয় অভিনেত্রী সুস্মিতা দে, যাঁকে এর আগে ‘কথা’ ধারাবাহিকে দেখেছেন দর্শক। তাঁর বিপরীতে প্রধান পুরুষ চরিত্রে দেখা যাচ্ছে নবাগত অভিনেতা ও মডেল সৌম্যদীপ দত্তকে। স্টার জলসার পর্দায় প্রতিদিন সন্ধ্যা সাড়ে ছ’টায় সম্প্রচারিত হয় এই জনপ্রিয় ধারাবাহিকটি।